প্রয়াত পরিচালক অনীক দত্তের ছবি 'বরুণবাবুর বন্ধুরা'তে শেষ বড়পর্দায় দর্শক দেখেছিলেন মাধবী মুখার্জিকে। বর্ষীয়ান অভিনেত্রীকে ছোটপর্দাতেও দেখা যায়। দর্শক স্টার জলসার 'রোশনাই'তে তাঁকে দেখেছিলেন। বেশ কয়েক বছর বিরতি কাটিয়ে এবার বড়পর্দায় ফিরছেন মাধবী মুখার্জি। শ্যামল বসুর পরিচালনায় আসছে নতুন ছবি 'দূরত্ব'। এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রীকে।

ছবির গল্প এগোবে মা ও মেয়েকে ঘিরে। এক মনস্তাত্ত্বিক ছবি নিয়ে বহুদিন পর শ্যামল বসুও পরিচালনায় ফিরলেন। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শুটিং। সেই শুটিং ফ্লোরে হাজির ছিল আজকাল ডট ইন। ছবি প্রসঙ্গে মাধবী মুখার্জি বলেন, "আমি এখানে একজন মায়ের চরিত্রে। এই গল্পটা সব বাড়িতে একই। সন্তানরা বড় হলে মা-বাবাদের পাশে সেভাবে থাকে না। তারা নিজেদের কাজেই ব্যস্ত থাকে। তারপর জীবনে সঙ্গী আসে, তখন তারা নিজেদের নতুন জীবন শুরু করে। আর এদিকে, বাবা-মা সন্তানের অপেক্ষায় দিন গুনতে থাকেন।"

অভিনেত্রী আরও বলেন, "আমি মনে করি, দূরত্ব তৈরি হওয়ার জন্য সময়ের প্রয়োজন। আমার কাছে সময় নেই এত। ঘরে-বাইরে সব সময় ব্যস্ত থাকি। তবে আমার মনে হয়, কেউ নিজের মতো চলতে চাইলে তাকে চলতে দেওয়া উচিত। হয়তো ভেবেছিলাম সেই মানুষটা ভাল, কিন্তু পরবর্তীতে দেখলাম আমার ভাবনাটা ভুল ছিল, তখন তো তার কাছ থেকে সরে আসাই উচিত। যদিও আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমার দুই মেয়ে এমনকী দুই জামাই-ই বড্ড ভাল।"

ছবিতে মাধবী মুখার্জির মেয়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী সঙ্গীতা দাস। তাঁর কথায়, "আমার কাছে বড় পাওয়া মাধবী মুখার্জির সঙ্গে কাজ করাটা। অভিনেত্রী হিসেবে এটা সত্যিই বড় প্রাপ্তি। গল্পে মা-মেয়ের সম্পর্কে দূরত্ব দেখা যাবে। কিন্তু এমন নয় যে আমার চরিত্রটা মাকে অবহেলা করে।‌ আসলে ব্যস্ততার যুগে সে সময় পায় না। শেষমেশ মায়ের সঙ্গে কি দূরত্ব দূর হবে তার? সেটাই দেখা যাবে ছবির। গল্পে।"