চার দশক পেরিয়ে আজও বাঙালির কাছে তাঁর বিকল্প নেই। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমার। দেখতে দেখতে তাঁর প্রয়াণের ৪৭ বছর কেটে গিয়েছে। শুক্রবার ২৪ জুলাই তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন কেওড়াতলা মহাশ্মশানে তাঁর আবক্ষমূর্তি ও একটি স্মারকফলক উন্মোচন করা হবে। পাশাপাশি কলকাতার একাধিক জায়গায় মহানায়ককে শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনের প্রথম কর্মসূচি শুরু হবে সকাল ৯টায় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে মহানায়কের নতুন আবক্ষমূর্তি ও স্মারকফলকেরও উন্মোচন করা হবে। উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। 

এরপর নির্ধারিত কর্মসূচী অনুযায়ী, সকাল ৯টা ১৫ মিনিটে ভবানীপুরে মহানায়কের পৈতৃক বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতিবছরের মতো এবারও বহু অনুরাগী, শিল্পী এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

সকাল ৯টা ৩০ মিনিটে নন্দনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। একই সময়ে টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের মূর্তিতেও শ্রদ্ধা জানানো হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী। এরপর সকাল ১০টায় আহিরীটলায় মহানায়কের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর বাংলা উত্তম কুমারের ১০০তম জন্মজয়ন্তীর বছরকে অত্যন্ত সাড়ম্বরে উদযাপন করবে বলে ঘোষণা করেছে বিজেপি সরকার। 'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম'-এর অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায় উত্তম কুমার। তাঁর অভিনীত অসংখ্য ছবি আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। মৃত্যুর এত বছর পরেও তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি। তাই তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে সম্মান জানাতে রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগকে ঘিরে স্বাভাবিকভাবে অনুরাগীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে।