ইনকার আরও একটা নতুন ষড়যন্ত্রের শিকার হতে চলেছে ঝাঁপি। স্টার জলসার ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'র গল্পে আসতে চলেছে নতুন এক মোড়। ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ঘরের ভিতরে দীপকে জড়িয়ে ধরে আছে ইনকা। বরকে অন্য মেয়ের সঙ্গে এই অবস্থায় দেখে রাগে ফেটে পড়ে ঝাঁপি। ঝাঁপি চিৎকার করে ওঠে দীপের উপর। ঝাঁপি জানতে চায় ইনকা কেন দীপকে জড়িয়ে ধরেছে? কে তাকে এত বড় সাহস দিল?
ইনকা কিছু না বললেও মোক্ষম জবাবটা দীপই ঝাঁপিকে দেয়। দীপ বলে, যে নিজের বরকে ঠকায় তাকে এত কৈফিয়ত সে দিতে পারবে না। আর এই একে অপরকে জড়িয়ে ধরাটা তার ও ইনকার একান্ত ব্যক্তিগত বিষয়। এই কথা শুনে কেঁদে ফেলে ঝাঁপি। আসলে দীপের কাছে ধরা পড়ে গিয়েছে ঝাঁপির ছদ্মবেশ। সে যে এতদিন মিস মণিকা সেজে দীপের চোখে ধুলো দিয়ে এসেছে, সেটা বুঝতে পেরে ঝাঁপিকে দূরে সরিয়ে দিয়েছে দীপ।
কিছুদিন আগে গল্পে দেখা গিয়েছিল লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স পাড়ি দিয়েছিল কনফারেন্সে। দীপ ও ঝাঁপিকে কায়দা করে ডেকে এনেছিল ইনকা ও রণিত। বাড়ির বাইরে এই প্রথমবার দীপের সঙ্গে এসেছিল ঝাঁপি। তাই একপ্রকার এই বিজনেস ট্যুর তার কাছে হানিমুনের মতোই। সে মনে মনে দীপকে কাছে পেতে চেয়েছিল। এদিকে, ঝাঁপির মতিগতি বুঝতে পেরে ভয়ে তটস্থ হয়েছিল দীপ। ঝাঁপি কাছাকাছি এলেই আরও সঙ্কোচ বোধ করেছিল সে। কিন্তু ঝাঁপিও ছাড়ার পাত্রী নয়, সে দীপকে ভুলিয়ে কাছাকাছি আসার চেষ্টা করেছিল। এদিকে, ইনকা ও রণিত তাদের স্বভাব অনুযায়ী আবারও ছক কষেছিল। ইনকা চক্রান্ত করে ঝাঁপির ব্যাঙ্ককে কনফারেন্সে না আসতে দেওয়ার কথা ভেবেছিল। যদিও তার ষড়যন্ত্র বানচাল হয়ে যায়।
এ্য আগে গল্পে দেখানো হয়েছিল রোজের অভ্যাস মতোই মিস মনিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছে দীপ। মনিকা দীপকে নির্দেশ দিয়ে বলছে, তাকে ঠিক কী কী কাজ করতে হবে, কীভাবে করতে হবে। এও জানায় দীপ এই গোটা কাজটা নিজের মতো করে নিজের টিম বানিয়ে হ্যান্ডেল করবে। যখন দীপ জানতে চায় এই কাজটা সে কোথা থেকে চালাবে, অফিস কোথায় হবে, যেহেতু আগের প্রোমোতেই দেখানো হয়েছিল দীপকে আমেরিকা যেতে বারণ করেছে মনিকা। জানিয়েছে নিজের জায়গা থেকেই কাজ করতে পারবে। দীপের প্রশ্নের জবাবে মনিকা তাকে বলে সেখানেই একটা মাইক্রো ফিন্যান্স কোম্পানি আছে, ওখান থেকেই নিজের কাজ হ্যান্ডেল করতে পারে দীপ। কোন কোম্পানি জিজ্ঞেস করলে মনিকা জানায়, কোম্পানি নাম লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স।
এরপরই দেখা যায় ঝাঁপির ননদ, নন্দাই ওকে ঘিরে ধরেছে। মেকআপ নিয়ে কথা বলছে। এমন সময়ই দরজায় টোকা পড়ে। আর খুলতেই দেখা যায় দীপ দাঁড়িয়ে সেখানে। তখন ধরা পড়তে গিয়েও কোনও মতে রেহাই পেয়েছিল সে।
আসলে ঝাঁপিকে মিথ্যে অপবাদ এবং পুলিশের হাত থেকে বাঁচানোর পর বিদেশ চলে যাওয়ার কথা বলে দীপ। এমনকী নায়িকা যখন তাকে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সে যুক্ত হওয়ার কথা বলে, সেই প্রস্তাবও ফিরিয়ে দেয়। তখন তাকে আটকাতেই এই ফন্দি আঁটে সে। তৈরি করে মনিকার চরিত্র। কিন্তু সেটাও শেষমেশ দীপের চোখে ধরা পড়ে যায়। সবটা না জেনেই ঝাঁপিকে ভুল বোঝে দীপ। এবার কি দীপ ঝাঁপিকে শাস্তি দিতে ইনকার সঙ্গে মেলামেশা শুরু করবে? দূরত্ব তৈরি হবে নায়ক-নায়িকার মধ্যে? সেই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
