বিরাট মোড় আসছে জি বাংলার ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি'তে। গল্পে জুঁই-স্বয়মের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছে উষ্ণীষ।‌ কিছুদিন আগেই ধারাবাহিকে এন্ট্রি হয়েছে তার। জুঁইকে সে বিয়ে করতে চায়। স্বয়মের চোখের সামনেই দোলের দিন জুঁইকে আবির মাখিয়ে দিয়েছিল সে। এবার জুঁইয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতেও বসতে যায় সে। স্বয়মের সামনেই জুঁইয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে উষ্ণীষ? কী হবে তারপর? নাকি বিয়ের আগেই ঘটবে কোনও বড়সড় কাণ্ড? সম্প্রতি, স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজ প্রোডাকশন হাউজের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এই দৃশ্যের শুটিং চলছে। 

এই শুটিংয়ের মুহূর্ত সামনে আসতেই নেটিজেনদের একাংশ মনে করছেন যে তাহলে কি স্বয়ং আসল নায়ক নয়? ধারাবাহিকের আসল নায়ক কি তবে উষ্ণীষ? যদিও তার সম্ভাবনা নেই। কারণ, স্বয়ম আর জুঁইয়ের গল্প নিয়েই এগোচ্ছে ধারাবাহিক। তাই মাঝপথে নায়কের চরিত্র বদল হবে না বলেই আশা করা যায়।


জেন-জি প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'বেশ করেছি প্রেম করেছি'। স্কুল জীবনের এক মিষ্টি 'লাভ স্টোরি' নিয়ে এগোচ্ছে এই মেগার গল্প। এতদিন এই ধারাবাহিক সন্ধে সাতটায় সম্প্রচারিত হত। এখন এই মেগার সময় বদলে যাচ্ছে। এক ঘণ্টা এগিয়ে যাচ্ছে 'বেশ করেছি প্রেম করেছি'র। আগামী ৯ মার্চ থেকে সন্ধে সাতটার বদলে সন্ধে ছটায় দেখা যাবে এই ধারাবাহিক। এতদিন এই সময় 'কুসুম' দেখতেন দর্শক মহল। এবার বদলে যাচ্ছে তার সময়ও। 'বেশ করেছি প্রেম করেছি'র স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। কিন্তু কেন এই ওলটপালট? 

আসলে আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। তাই নতুন স্লটেরও প্রয়োজন।‌ সেই জন্য তড়িঘড়ি বদল হল দুই মেগার সম্প্রচারের সময়। 

'বেশ করেছি প্রেম করেছি'। ধারাবাহিকের গল্প এগোচ্ছে দুই স্কুল পড়ুয়া স্বয়ম ও জুঁইকে কেন্দ্র করে! লাজুক স্বভাবের স্বয়ম এক সাধারন পরিবারের ছেলে। মা ছোটবেলাতেই ছেড়ে চলে যাওয়ার পর বাবার স্বপ্নকে বুকে নিয়েই বেড়ে উঠেছে সে। স্বয়মের পৃথিবী তার গান। 

অন্যদিকে, জুঁই বড় হয়ে উঠেছে প্রভাবশালী পরিবারে। তাই স্বভাবতই সে একটু অহংকারী।স্বয়মের সরলতা ভেঙে দেয় জুঁই-এর মনের সব অহংকার! স্বয়মের প্রেমে পড়ে জুঁই। কিন্তু এক ভয়াবহ র‍্যাগিংয়ের শিকার হয়ে স্বয়ম হয়ে ওঠে এক অন্য মানুষ। শ্রেণীভেদ ,পারিবারিক বিরোধ আর অতীতের লুকানো সত্যির মাঝে কোন পরিণতি নেবে স্বয়ম জুঁইয়ের ভালবাসা! স্কুলে পড়া দুটি ভিন্ন মেরুর ছেলে–মেয়ের জীবনের পথ কি কোনওদিন এসে মিলবে এক বিন্দুতে?  

এই প্রশ্নের উত্তর খুঁজতে ধারাবাহিকের আগামী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক।