বিয়ের পর বিরাট বিপাকে ঝিনুক। সম্রাটের অদ্ভুত আচরণে ভয়ে কাঁটা সে। সম্প্রতি, জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে।‌ সেখানে দেখা যাচ্ছে, ঝিনুক বিয়ের পর সম্রাটের বাড়িতে আসার পর থেকেই নানা ঘটনা ঘটে চলেছে। সম্রাট ঝিনুককে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিচ্ছে না। অফিসে গেলেও সে সিসিটিভি ক্যামেরায় সারাক্ষণ ঝিনুকের উপর নজর রাখছে। 

সম্রাটের নানা কাজকর্ম এবার আশ্চর্য লাগছে ঝিনুকের। সে সম্রাটের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করে। কিন্তু সম্রাট ঝিনুকের এই কৌতূহল কীভাবে দেখবে? সে কি আবার কোনও ভয়ঙ্কর কাজ করবে? 

এদিকে, পল্লবী নতুন চাকরি পেয়েছে। কমলা রাতে খেতে বসে সবাইকে এই সুখবর দেয়। কিন্তু পল্লবীর বড়দাদা মোটেই খুশি হয় না। সে বলে, আজকালকার দিনে মেয়েদের কোন কোম্পানি ৫০,০০০ টাকার চাকরি দিচ্ছে? পল্লবীর উপর সন্দেহ করে। মেয়ের পাশে দাঁড়ায় শ্রীনিবাস। সে বলে, পল্লবী চাকরিটা পেয়েছে এটা আনন্দের খবর পরিবারের কাছে। উল্টে তাকে খোটা দেওয়ার কোনও প্রয়োজন নেই। 

এদিকে, কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল ফুলশয্যার রাতে সম্রাটের কাছাকাছি আসতেই ঝিনুক খেয়াল করে তার পায়ের কাছে কিছু রয়েছে। লক্ষ্য করে, একটা আরশোলা। ঝিনুক ভয় পেয়ে চমকে ওঠে। আর এই দেখেই চটে লাল সম্রাট। সে রেগে গিয়ে নিজের মনেই বলে, আমার স্ত্রীকে ভয় দেখানো? এটা পাপ। তারপরেই আরশোলাকে চরম শাস্তি দেবে বলে সম্রাট দুধের সঙ্গে আরশোলাটা মিশিয়ে খেয়ে ফেলে! এটা দেখে ভয় পেয়ে যায় ঝিনুক। বরের এই কাণ্ড দেখে বমি পায় তার।‌ এই পর্ব দেখে অবাক হয়েছেন দর্শকও। সোশ্যাল মিডিয়ায় এখন হইচই পড়ে গিয়েছে সম্রাটের এই ভয়ঙ্কর কাণ্ডে। এই দেখে অনেকেই অনুমান করছেন যে, এই চরিত্রটি মোটেই স্বাভাবিক নয়। সম্রাটের মানসিক স্থিতি ঠিক নেই বলেও মনে করছেন অনেকে।