আসছে 'কাতুকুতু বুড়ো'। উজান গাঙ্গুলির পরিচালনায় প্রথম চলচ্চিত্র, 'কাতুকুতু বুড়ো' একটি জনপ্রিয় বাংলা ছড়াকে এক আধুনিক আঙ্গিকে নতুনভাবে উপস্থাপন করছে। নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ ‘কুরুক্ষেত্র’-এর লেখক ও পরিচালক হিসেবে তিনি আগেই নজর কেড়েছিলেন। এবার প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবির পরিচালনায় হাত দিলেন তিনি। প্রকাশ্যে এসেছে ছবির টিজার। এই ছবির মূল গল্প এগোবে কেদার ও পারোর প্রেম নিয়ে, যে চরিত্রে অভিনয় করেছেন উজান ও রাপূর্না ভট্টাচার্য। ছবির টিজারে ভরপুর অ্যাকশনের দেখা মিলল। আর অ্যাকশন অবতারে ধরা দিলেন উজান! গল্পে যে বেশ রহস্য লুকিয়ে তা বোঝাই যাচ্ছে।
বাবা কৌশিক গাঙ্গুলি ও মা চূর্ণীর পথেই হাঁটলেন উজান। যদিও পরিচালনার আগে উজানকে দর্শক চিনেছেন অভিনয়ের মাধ্যমে। পাভেলের ছবি 'রসগোল্লা'র মাধ্যমে টলিউডে অভিষেক হয় তাঁর। এরপর 'লক্ষ্মী ছেলে' নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। বহুদিন বিনোদন জগতের আড়ালেই ছিলেন উজান। এবার নিজের পরিচালনায় ফিরছেন তিনি। এই ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবায়ন ব্যানার্জি, উজান গাঙ্গুলি এবং সিজি।
এই ছবিতে অভিনয়ে রয়েছেন চূর্ণী গাঙ্গুলি, অনুজয় চ্যাটার্জি এবং আরও অনেকে। তবে ছবিকে ঘিরে আবেগের সবচেয়ে বড় কারণ রাহুল অরুণোদয় ব্যানার্জি। রাহুলের অকালমৃত্যুর পর মুক্তি পাচ্ছে এই ছবি। তাঁর অভিনীত শেষ কাজগুলোর মধ্যে এটাও অন্যতম। আগামী ২৪ জুলাই এসভিএফ-এর ব্যানারে বড়পর্দায় আসছে 'কাতুকুতু বুড়ো'।














