আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
তিশার মৃত্যুর ১০ দিন পার, অবশেষে গ্রেফতার প্রাক্তন মিস পুনের স্বামী
তিশা শর্মার মৃত্যুর পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তাঁর স্বামী। অবশেষে ১০ দিন পর তাঁর স্বামী সমরনাথ সিংকে গ্রেফতার করল পুলিশ। তিশার পরিবারের তরফে দাবি করা হয়েছে পণের জন্য তাঁর উপর অকথ্য অত্যাচার করা হতো। দেওয়া হতো ব্যাপক চাপ। প্রয়াত মডেলের পরিবারের তরফে তাঁর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। প্রসঙ্গত, তিশাকে ভোপালের বাড়ি থেকে মৃত এবং রহস্যজনক অবস্থায় উদ্ধার করা হয়। তিশার শাশুড়ি তথা প্রাক্তন বিচারপতি গিরিবালা সিং দাবি করেন তাঁর ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, আদতে তিশার মা বাবা তাঁকে জোর করে , চাপ দিয়ে গ্ল্যামার দুনিয়ায় এনেছিলেন। সেই কারণে তিনি অবসাদে ভুগছিলেন। অন্যদিকে তিশার মা বাবা সম্পূর্ণ উল্টো কথা বলেন। তাঁরা তাঁদের মেয়ের দ্বিতীয় ময়নাতদন্তের দাবি করেছেন। এবার সমরনাথ গ্রেফতার হওয়ার পর কেস কোন দিকে ঘোরে, কী কী জানা যায় সেটাই দেখার।
কানে ঐশ্বর্য! নীল গাউনে নজর কাড়লেন
প্রায় শেষের পথে এই বছরের কান চলচ্চিত্র উৎসব। ২২ মে ঐশ্বর্য রাই অবশেষে ফ্রান্সের এই চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন। ধরা দিলেন একটি নীল রঙের গাউনে। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর মেয়ে আরাধ্যাও গিয়েছেন ফ্রান্সে। তাঁদের দুজনকে সম্প্রতি একসঙ্গে মুম্বই শহর ছাড়তে দেখা গিয়েছে। প্রসঙ্গত, এদিন মেটালিক নীল রঙের এই গাউনের সঙ্গে চুল খোলা রেখেছিলেন ঐশ্বর্য। গলায় পরেছিলেন মানানসই হার। বলাই বাহুল্য কানের রেড কার্পেটে এই বছরের তাঁর এই প্রথম লুক নজর কেড়েছে সকলের।
বিয়ের আগে করণ কুন্দ্রার সঙ্গে লিভইন, জানেন কে এই বুদ্ধি দিয়েছিলেন তেজস্বীকে?
সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে সকলের সামনে তেজস্বী প্রকাশকে প্রপোজ করেছেন করণ কুন্দ্রা। আর তারপরই এদিন এক বিস্ফোরণ তথ্য প্রকাশ্যে আনলেন তিনি। বিগ বস ১৫ থেকে শুরু হওয়া প্রেম দেশি ব্লিং-এ নতুন ধাপে পা রাখল। এরপর এদিন তাঁরা নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিকে তাঁদের বিয়ের পরিকল্পনা জানালেন। একই সঙ্গে এও বললেন, তাঁরা যে বিয়ের আগে লিভ ইন করেছেন সেটা কার বুদ্ধিতে। অন্য কারও নয়, বরং খোদ তেজস্বীর মা তাঁদের একত্রবাসের আইডিয়া দিয়েছিলেন। অনেকে বিরোধিতা করলেও অভিনেত্রীর মা চেয়েছিলেন তাঁরা যেন একসঙ্গে সময় কাটান।















