চলতি সপ্তাহের টিআরপি তালিকায় একগুচ্ছ চমক! 'কোনটা ছেড়ে কোনটা দেখি' এমন অবস্থা যেন। যদিও সার্বিক ভাবে ধারাবাহিকগুলোর প্রাপ্ত নম্বর বেশ অনেকটা কমেছে। এমনকী ৬ টপকাতে পারেনি। তবে এর মধ্যেই কারা বেঙ্গল টপার হল আর কারা সেরা দশে রইল জেনে নিন। 

এই সপ্তাহেও টিআরপি টপার জি বাংলার হিট ধারাবাহিক 'পরিণীতা'। রায়ান, পারুলের গল্প পেয়েছে ৫.৭ নম্বর। তবে প্রথম স্থানে এই ধারাবাহিক কেবল একা নেই। যুগ্ম ভাবে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। হ্যাঁ, সকলকে চমকে পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক এক নম্বরে উঠে এসেছে। হবে নাই বা কেন! নায়ক, নায়িকার প্রেম যে এবার গল্পে জমে উঠছে। 

দ্বিতীয় স্থানে রয়েছে 'পরশুরাম আজকের নায়ক'। মাত্র ০.১ নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থান রয়েছে এই ধারাবাহিক। ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার ধারাবাহিক পেয়েছে ৫.৬ নম্বর। 'জোয়ার ভাঁটা' তার জনপ্রিয়তা এবং টিআরপি তালিকায় স্থান ধরে রেখেছে। ৫.৫ নম্বর পেয়ে তিন নম্বরে রয়েছে এই মেগা সিরিয়াল। বর্তমানে গল্পে দেখানো হচ্ছে সরকারি পরীক্ষা দিয়ে উজির অফিসার হওয়ার লড়াই। অন্যদিকে নিশা তার অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। 
৫.২ পেয়ে চার নম্বরে 'ও মোর দরদিয়া'। বাবাকে খুন করার অপরাধে পুলিশ গ্রেফতার করেছে বাণীকে। হতে পারে তার ফাঁসির সাজাও। এই সময় অনিরুদ্ধ কি তাকে বাঁচাতে পারবে কোনও ভাবে, সেটাই দেখার পালা এখন! ৫.০ পেয়ে পাঁচ নম্বরে যুগ্ম ভাবে রয়েছে দুই ধারাবাহিক। 'কুসুম' এবং 'রাঙামতী তীরন্দাজ' পঞ্চম স্থানে রয়েছে। 'কুসুম' ধারাবাহিকে অকালে বসন্তের রং লেগেছে। আয়ুষ্মান কুসুমের প্রেমে পড়েছে। কিন্তু সেই সম্পর্কের পরিণতি কী হবে, সেটা জানতেই উন্মুখ দর্শক। 

৪.৯ নম্বর পেয়েছে ছয় নম্বরে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। এই ধারাবাহিকের গল্পেও আসছে নতুন টুইস্ট। একদিকে ঝাঁপি গর্ভবতী, সঙ্গেও ইনকাও। সবটা মিলিয়ে তিনের পরিণতি কী হয়, নজর সেদিকেই। সাত নম্বরেও রয়েছে জোড়া ধারাবাহিক। ৪.৭ পেয়েছে নতুন ধারাবাহিক 'গঙ্গা'। সাহেব ভট্টাচার্য এবং হিয়া মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকের সঙ্গেই আছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। আগে সেরা পাঁচে থাকলেও বর্তমানে স্বস্তিকা দত্তর এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর এবং স্থান বেশ কমেছে। 

অষ্টম স্থানে 'কনে দেখা আলো'। এই সপ্তাহে লাজু, অনুভবের গল্প পেয়েছে ৪.৬। যদিও এই সপ্তাহে টিআরপি তালিকায় সেরা দশে থাকলেও আর্টিস্ট ফোরাম এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা অরগ্যানিককে নিষিদ্ধ ঘোষণা করেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর। ফলে এর ভবিষ্যৎ কী, সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নয় নম্বরে এবার তিনটি ধারাবাহিক! হ্যাঁ, একদমই তাই। ৩.৮ পেয়ে নবম স্থানে আছে 'কম্পাস'। সঙ্গে 'মিলন হবে কতদিনে' এবং 'চিরসখা' ধারাবাহিকের প্রথম পনের মিনিটও যুগ্ম ভাবে একই নম্বর পেয়েছে। তবে 'চিরসখা'র ভবিষ্যৎ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। অরগ্যানিক ছাড়াও ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একই কারণে। 

দশ নম্বর স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। আর্য-অপর্ণা একে অন্যের থেকে দূরে যাচ্ছে। সংসার, স্বামীকে ছেড়ে চলে গিয়েছে নায়িকা। এদিকে দিশেহারা অবস্থা নায়কের। সব মিলিয়ে গল্প এখন টানটান। 'চিরদিনই তুমি যে আমার' এই সপ্তাহে ৩.৭ পেয়েছে।