এবারের টিআরপি তালিকায় আবারও হাড্ডাহাড্ডি লড়াই 'তারে ধরি ধরি মনে করি' এবং 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের। যদিও পল্লবী শর্মার নতুন ধারাবাহিক ইন্দ্রজিৎ বসুর ধারাবাহিকে সামান্য মার্জিনে হলেও টপকে গিয়েছে! জেনে নিন, চলতি সপ্তাহে টিআরপি তালিকায় কোন ধারাবাহিক শীর্ষে রয়েছে, কারাই বা সেরা ১০ -এ জায়গা করে নিল। 

'পরিণীতা' ধারাবাহিক এই সপ্তাহেও বেঙ্গল টপার। পেয়েছে ৫.৭ নম্বর। পারুলের বোনকে অপহরণ করা হয়েছে, তাকে উদ্ধার করতে গিয়ে বিপদে খোদ নায়িকা। সবটা মিলিয়ে জমে উঠেছে গল্প। দ্বিতীয় স্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। আগের সপ্তাহে প্রথম স্থানে ছিল এই ধারাবাহিক। এবার বেশ কিছুটা নম্বর কমিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। পেয়েছে ৫.৪। 

চলতি সপ্তাহে দুই থেকে তিন নম্বরে নেমে এসেছে 'পরশুরাম আজকের নায়ক'। ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার এই ধারাবাহিক পেয়েছে ৫.২। 'জোয়ার ভাঁটা' 'পরশুরাম' -এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এটি ৫.১ নম্বর পেয়েছে এই সপ্তাহে। 

পঞ্চম স্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। দীপ আর ঝাঁপির প্রেম জমে উঠেছে, সঙ্গে রয়েছে ইনকার শয়তানি। সবটা মিলিয়ে গল্প এখন এক টানটান পর্যায় দাঁড়িয়ে রয়েছে। এই ধারাবাহিক পেয়েছে ৪.৭। ষষ্ঠ স্থানে আছে 'কুসুম'। 'লক্ষ্মী ঝাঁপি'র থেকে সামান্য পিছিয়ে আছে এই মেগা। পেয়েছে ৪.৬। এখন গল্পে আয়ুষ্মান আর কুসুমের প্রেম দেখানো হচ্ছে। 

সপ্তম স্থানে রয়েছে 'ও মোর দরদিয়া'। রণিতা দাস অভিনীত এই ধারাবাহিকে বাণী কীভাবে একের পর এক বিপদে জড়িয়ে পড়ছেন সেটাই দেখানো হচ্ছে। এই সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৪.৫ নম্বর। এই স্থানে যুগ্ম ভাবে রয়েছে 'রাঙামতী তীরন্দাজ'। এক সময় সেরা পাঁচের মধ্যে থাকা ধারাবাহিকটি টিআরপি তালিকায় অনেকটাই নিচে নেমে এসেছে। না, সপ্তম স্থানে কেবল এই দু'টো ধারাবাহিক নেই। রয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' এবং 'গঙ্গা'ও। অষ্টম স্থান দখল করেছে 'কনে দেখা আলো'। এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ দেখা দিলেও টিআরপি তালিকায় নিজের স্থান ধরে রেখেছে। পেয়েছে ৪.২ নম্বর। 

নয় নম্বরে ৩.৬ পেয়ে যুগ্ম ভাবে রয়েছে 'মিলন হবে কতদিনে' এবং 'চিরসখা'। 'চিরসখা' ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ব্যান করে দেওয়া হয়েছে। যার জেরে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। দশ নম্বরে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। আর্য, অপর্ণার এই গল্প পেয়েছে ৩.৫ নম্বর।