বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে ছিল 'তারে ধরি ধরি মনে করি'। কিন্তু এই সপ্তাহে বাংলার সেরা খেতাব হাতছাড়া হল এই ধারাবাহিকের। অন্যদিকে নম্বর বাড়ল 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র। চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল কোন ধারাবাহিক?
এই সপ্তাহে প্রথম স্থান 'তারে ধরি ধরি মনে করির হাতছাড়া হলেও, বেঙ্গল টপার খেতাব ধরে রেখেছে 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট। এই দুই ধারাবাহিক যুগ্ম ভাবে পেয়েছে ৪.৯। এই সপ্তাহে বেশ অনেকটাই নম্বর বেড়েছে দুই ধারাবাহিকের। বর্তমানে একদিকে 'পরশুরাম'-এ যেমন দেখানো হচ্ছে নায়ককে গুলি করার বিষয়ে তটিনী পুলিশের জালে জর্জরিত, অন্যদিকে বিদ্যা তার বিয়ের আগে পালিতা মায়ের খুনি এবং জন্মদাতার খোঁজ পাবে কিনা সেটা নিয়ে এই ধারাবাহিকের গল্প জমে উঠেছে। দ্বিতীয় স্থানে সামান্য কম নম্বর নিয়ে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। পল্লবী শর্মার এই ধারাবাহিক পেয়েছে ৪.৮।
'পরিণীতা' এই সপ্তাহেও তৃতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছে। পেয়েছে ৪.৭ নম্বর। পারুলের ব্যবসা এবং তাতে শিরিনের ষড়যন্ত্র নিয়ে গল্প এখন টানটান পর্যায় রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে 'জোয়ার ভাঁটা'। নিশা গুলিবিদ্ধ হওয়ার পর গল্প এখন টানটান ভাবে এগোচ্ছে। এই ধারাবাহিক চলতি সপ্তাহে পেয়েছে ৪.৩।
পঞ্চম স্থানে একসঙ্গে ৪টি ধারাবাহিক রয়েছে। হ্যাঁ। একদিকে যেমন নতুন ধারাবাহিক 'ঘূর্ণি' সেরা পাঁচে উঠে এসেছে, তেমনই 'কুসুম' পাঁচ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছে। সঙ্গে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের শেষ ১৫ মিনিট এবং 'গঙ্গা'ও রয়েছে এই স্থানে। পেয়েছে ৪.২। ৪.১ পেয়ে ষষ্ঠ স্থান দখল করেছে 'ও মোর দরদিয়া'।
সপ্তম স্থানে একসঙ্গে রয়েছে তিনটি ধারাবাহিক। 'প্রতিজ্ঞা', 'সংসারের সংকীর্তন' পেয়েছে ৪ নম্বর। একই নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে 'কনে দেখা আলো'। বলাই বাহুল্য সাড়ে ৯ থেকে সাড়ে ১০ টার স্লটের তিনটি ধারাবাহিক একে অন্যকে কড়া টক্কর দিচ্ছে।
অষ্টম স্থানে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি', 'ও মোর দরদিয়া'র শেষ পনের মিনিট এবং 'কমলা নিবাস'। তিন ধারাবাহিক পেয়েছে ৩.৩ নম্বর। নম্বর স্থানে 'শুধু তোমারই জন্য' এবং 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের প্রথম পনের মিনিট রয়েছে। পেয়েছে ২.৬ নম্বর। তালিকায় দশ নম্বরে উঠে এসেছে 'সাত পাকে বাঁধা'। রাহুল মজুমদার এবং সম্পূর্ণা রক্ষিত অভিনীত ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ২.২।
















