এই সপ্তাহের টিআরপি তালিকায় জোর চমক দেখাল একাধিক নতুন মেগা। সেরা পাঁচে জায়গা করে নিয়েছে 'ঘূর্ণি', 'সংসারের সংকীর্তন' -এর মতো ধারাবাহিক। কিন্তু বেঙ্গল টপার হল কে? 

এই সপ্তাহেও বাংলার সেরার মুকুট ধরে রেখেছে 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট। আর হবে নাই বা কেন! একদিকে চলছে বিদ্যা রাজরীতের বিয়ের জমাটি পর্ব, অন্যদিকে শীতলের কাছে বন্দি পরশুরাম। সবটা মিলিয়েই দুই ধারাবাহিকের গল্প জমে উঠেছে। এই দুই ধারাবাহিক পেয়েছে ৪.৮। দ্বিতীয় স্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। বাড়ি হাতছাড়া হওয়ার পর নতুন লড়াই শুরু হয়েছে দিতি আর গোরার। ফলে দর্শকদের আগ্রহ বাড়ছে এই ধারাবাহিক নিয়ে। তবে দ্বিতীয় স্থানে কেবল 'তারে ধরি ধরি মনে করি' নেই। রয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'র শেষ ১৫ মিনিট এবং 'গঙ্গা' ধারাবাহিক দু'টিও। এই তিন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৫। 

তৃতীয় স্থানে উঠে এসেছে 'কুসুম'। আয়ুষ্মান আর কুসুম ইন্দ্রাণীর অমতে সাতপাক ঘুরতে চলেছে, ফলে গল্প এখন টানটান জায়গায় দাঁড়িয়ে। এর সঙ্গে একই স্থানে রয়েছে 'জোয়ার ভাঁটা'-ও। দুই ধারাবাহিক পেয়েছে ৪.৩। চতুর্থ স্থানে একসঙ্গে রয়েছে ৫টি ধারাবাহিক। হ্যাঁ, পাঁচটি! কী কী? 'ঘূর্ণি', 'পরিণীতা', 'কনে দেখা আলো', 'প্রতিজ্ঞা', 'সংসারের সংকীর্তন'। বলাই বাহুল্য, 'ঘূর্ণি', 'প্রতিজ্ঞা' এবং 'সংসারের সংকীর্তন' নতুন ধারাবাহিক হলেও প্রথম থেকেই দর্শকের নজর কেড়েছে গল্পের জোরে। আর তার ফল টিআরপিতে স্পষ্ট। এই ৫ মেগার এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৪.২। 

পাঁচ নম্বর স্থান ধরে রেখেছে 'ও মোর দরদিয়া'। বাণী আবারও মা হতে চলেছে। এমন অবস্থায় গল্প কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার। এই ধারাবাহিক পেয়েছে ৪ নম্বর। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'বাবলি সুন্দরী' ধারাবাহিকটি সদ্য শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই ট্রেন্ডিং। প্রথম সপ্তাহে 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের সঙ্গে 'বাবলি সুন্দরী' পেয়েছে ২.২ নম্বর।