শুরু হতেই, প্রথম টিআরপি তালিকায় চমক দেখিয়ে সেরা পাঁচে ছিল 'ঘূর্ণি'। কিন্তু এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গেল এই ধারাবাহিক। বরং এই সপ্তাহে টিআরপি তালিকায় চমক দেখাল 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। জেনে নিন কোন ধারাবাহিকগুলো সেরা ১০- এ রয়েছে। 

'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকটি এই সপ্তাহেও টিআরপি টপার হয়েছে। যদিও নম্বর অনেকটাই কমেছে। কিন্তু প্রথম স্থান ধরে রেখেছে পল্লবী শর্মার ধারাবাহিক। পেয়েছে ৪.৭ নম্বর। এই সপ্তাহে চমক দেখিয়ে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের সঙ্গে যুগ্মভাবে প্রথম হয়েছে 'পরশুরাম আজকের নায়ক' ও 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট। দ্বিতীয় স্থানে রয়েছে 'পরিণীতা'। গত সপ্তাহে তিন নম্বরে নেমে গিয়েছিল রায়ান পারুলের গল্প। এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৪.৬। 

তৃতীয় স্থানের রয়েছে 'জোয়ার ভাঁটা'। বর্তমানে দেখানো হচ্ছে ঋষির বেশ ধরে নিশাকে গুলি করা হয়েছে। ফলে সবটা মিলে জমে উঠেছে গল্প। এই সপ্তাহে ধারাবাহিকটি পেয়েছে ৪.৪ নম্বর। চতুর্থ স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক! ৪.৩ পেয়ে চার নম্বরে রয়েছে 'ও মোর দরদিয়া', 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের শেষ ১৫ মিনিট এবং 'গঙ্গা'। 

লাজু-সুদেবের আবার মিলমিশ হয়ে গিয়েছে। আর সেই খবর জেনে রাগে, ক্ষোভে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে অনুভব। সবটা মিলিয়েই এই দুই জুটির রসায়ন জমে উঠেছে। এবার পাঁচ নম্বরে রয়েছে 'কনে দেখা আলো', পেয়েছে ৪.২। ষষ্ঠ স্থানে নেমে এসেছে নতুন ধারাবাহিক 'ঘূর্ণি'। পেয়েছে ৪.১। 

সপ্তম স্থানে রয়েছে যুগ্ম ধারাবাহিক। 'প্রতিজ্ঞা' এবং 'সংসারের সংকীর্তন', এই দুই নতুন ধারাবাহিক দর্শকদের নজর কেড়েছে গল্পের বুননে। পেয়েছে ৩.৮। আট নম্বরেও জোড়া ধারাবাহিক! 'লক্ষ্মী ঝাঁপি' এবং 'কমলা নিবাস', দুই ধারাবাহিকের স্লট একই। সাড়ে ছয়টায় সম্প্রচারিত হওয়া দুই ধারাবাহিক পেয়েছে ৩.৪ নম্বর। 

নয় নম্বরে রয়েছে 'শুধু তোমারই জন্য' এবং 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট। স্লট হারিয়েও দাপট ধরে রখেছে রাঙা। এই সপ্তাহে এই দুই ধারাবাহিক পেয়েছে ২.৫। দশম স্থানে ২.২ নম্বর পেয়ে রয়েছে দু'টো ধারাবাহিক, 'কম্পাস' এবং 'লক্ষ্মী ঝাঁপি'।