তৃণা সাহার সাম্প্রতিক সমাজমাধ্যমের পোস্ট ঘিরে তোলপাড় নেটিজেনদের মধ্যে। স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'-এর শুটিং চলাকালীন এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তৃণা। যা ঘিরে রীতিমতো আলোচনা চলছে নেটপাড়ায়। তৃণা লিখেছেন, 'মানুষ যতই আপনাকে বদনাম করার চেষ্টা করুক, চুপ থাকুন। এই চুপ থাকা আপনার কণ্ঠ নেই বলে নয়, বরং কারণ যারা আপনাকে ভুল বুঝতেই চায়, তাদের কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো দায় আপনার নেই। তারা কথা বলুক, ধরে নিক, গল্প বানাক—আপনার ধারাবাহিকতা, চরিত্র আর অগ্রগতি একদিন ঠিকই সত্যটা সামনে এনে দেবে।'


অভিনেত্রী আরও লেখেন, 'নীরবতা দুর্বলতা নয়; এটা আত্মসংযম। আর শান্তি মানে হলো নাটকের বদলে মর্যাদাকে বেছে নেওয়া।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হল।)

হঠাৎ কেন এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণা? কাকেই বা ইঙ্গিত করলেন তিনি? তা যদিও ওই পোস্টে জানাননি অভিনেত্রী। তবে অনেকেই মনে করছেন, স্পষ্ট কথায় কাউকে নিজের অবস্থানটা বুঝিয়ে দিয়েছেন তিনি। কিন্তু কার সঙ্গে বিবাদ তৃণার? টলিপাড়ার অন্দরের খবর, 'পরশুরাম'-এর 'লাট্টু' ওরফে অভিনব বিশ্বাসকে নিয়ে একটা অশান্তি তৈরি হয়েছে শুটিং সেটে। আসলে অভিনব কয়েকদিন আগে সমাজমাধ্যমে লিখেছিল যে ফ্লোরে তার সঙ্গে নাকি দুর্ব্যবহার করা হয়। সেই পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন অভিনব বোধহয় তৃণার আচরণকেই ইঙ্গিত করেছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সরিয়ে দিয়েছিল অভিনব। 


তবে সেই বিষয়ে তৃণাও এতদিন মুখ খোলেননি। এদিকে, বহুদিন ধরেই নীল-তৃণার বিচ্ছেদের খবরে তোলপাড় সমাজমাধ্যম। তবে দু'জনেই বারবার এই গুঞ্জনকে ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছেন। কিন্তু সম্প্রতি আবারও কোনও বিবাদ দেখা দিয়েছে কিনা তাঁদের সম্পর্কে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। এদিকে, তৃণার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরেও বাড়ছে জল্পনা। অভিনেত্রীর চুপ করে থাকাকে কে বা কারা তাঁর দুর্বলতা ভাবছে? সেটাই জানার অপেক্ষায় তাঁর অনুরাগীরা।