স্টার জলসায় আসছে 'বিগ বস বাংলা'। এই জল্পনা গত বছর থেকেই শুরু হয়েছিল। জানা যাচ্ছে, এবারের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে এই রিয়্যালিটি শো-এর প্রতিযোগিদের নাম। 'বিগ বস'-এর ঘরে তারকাদের উপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে দারুণ ভালবাসেন দর্শক। তাই স্টার জলসায় নতুনভাবে ফিরছেন সৌরভ। শুক্রবার ইডেন গার্ডেনে বাংলার 'মহারাজ'-এর হাত ধরে উদ্বোধন হল এই রিয়্যালিটি শো-এর লোগো।
এদিন মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। সৌরভকে সংর্বধনা জানানো হয় তাঁর উল্লেখযোগ্য কীর্তির কোলাজ তৈরি করে। ২২ গজের ময়দানে 'দাদা' এসেই জানান, তিনি এই শো-এর সঞ্চালনার দায়িত্ব পেয়ে আপ্লুত।
তৃণা ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকলেও অনুষ্ঠান শেষে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি 'বিগ বস'-এর প্রতিযোগী হচ্ছেন? জবাবে খানিক হেসে অভিনেত্রী বলেন, "না এই বছর তো মনে হচ্ছে না হবে বলে। তটিনী পরশুরামকে ছেড়ে যাবে না। আমি চলে গেলে পরশুরামের কী হবে? তাই এই বছর তো হবে না যাওয়া। তবে পরের বছর যদি হয়। আমার তো ইচ্ছে আছেই, এবার দেখা যাক।"
তৃণা 'বিগ বস'-এর ঘরে গেলে প্রতিযোগিতায় আর কাকে চাইবেন? অভিনেত্রীর কথায়, "এখন তো কিছু বলতে পারব না। আগে আমি সুযোগ পাই, তারপর বলতে পারব সেই সময় কাকে চাই বা কাকে চাই না। কারণ, এখন এত বেশি মানুষ বদলে যাচ্ছে, তাই আগে থেকে বলাটা চাপের।"
এই শো-এ বরাবরের মতোই একঝাঁক তারকাকে দেখা যাবে। যদিও খবর এই মুহূর্তে চলতি ধারাবাহিকের কাউকেই দেখা যাবে না এই শো-এ। ইতিমধ্যেই আসন্ন এই শো ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। জানা যাচ্ছে, এই সিজন শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর থেকে। টানা ছ'মাস চলবে এই সিজন।
২০১৩ সালে এই শো প্রথম শুরু হয়। তবে দুটো সিজনের পর সেই সময় বন্ধ হয়ে যায় এই রিয়্যালিটি শো। তখন সঞ্চালনায় ছিলেন টলিউড 'সুপারস্টার' জিৎ। এতদিন সৌরভের সঞ্চালনায় 'দাদাগিরি' দেখেছেন দর্শক। এবার 'বিগ বস'-এর ঘরে কার দাদাগিরি চলে সেটাই দেখার।
