টলিউড থেকে বলিউড, দীর্ঘ পথ পেরিয়েছেন তিনি। দুই ইন্ডাস্ট্রিতেই পেয়েছেন প্রবল খ্যাতি। 'আশ্রম' সিরিজে তাঁর অভিনয় থেকে চরিত্র নজর কেড়েছে দর্শকদের। একদিকে এই সিরিজ যেমন তাঁকে খ্যাতি দিয়েছে, তেমনই তাঁর সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। 

অতীতে ত্রিধা জানিয়েছিলেন তিনি একটি খারাপ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই ব্যক্তি তাঁকে অপশন দিয়েছিল, হয়তো অভিনেত্রী তাঁর কেরিয়ার এবং বাবা মাকে বেছে নেবেন, নইলে সেই ব্যক্তিকে। সেই সম্পর্কের কারণেই ত্রিধার মনোবল সম্পূর্ণ ভেঙে গিয়েছিল, নিজেকে দুর্বল, খারাপ, মনে করতে শুরু করেছিলেন। সেই সময়টা তাঁর কেরিয়ারের অন্যতম খারাপ সময় বলেই দাবি করেন ত্রিধা। এরপরই তিনি আশ্রম সিরিজে কাজ করেন। 

'আশ্রম' সিরিজে কাজ করার সময়ের স্মৃতি হাতড়ে ত্রিধা বলেন, 'আমি সেই সময় একাধিক ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বারবার হাসপাতালে ভর্তি হচ্ছিলাম, শ্বাসকষ্টের সমস্যায় হচ্ছিল। উদ্বেগে ভুগছিলাম। আমি সেটে যেতাম, নিজের সিন করেই ফিরে আসতাম। ফলে আমার বিষয়ে একটা ভুল রেপুটেসন ছড়িয়ে যায়। আমার সহকর্মীরা আমায় ভুল বুঝতে শুরু করেন। আমি তাঁদের সঙ্গে সামান্য খাবারটুকু পর্যন্ত বসে খেতে পারতাম না। ওঁরা আমার ইমোশনাল কষ্টের জায়গাটা বুঝতে পারত না। আশ্রমে আমি যে চরিত্র করেছিলাম, ববিতা, সেটা কোনও মেথড অ্যাক্টিং ছিল না। আমি আদতেই তখন ওরম একটা ফেজ দিয়ে যাচ্ছিলাম, ভিতরের ওই কষ্টটাই স্ক্রিনে ফুটে উঠত।' 

২০২১ সালে আত্মহত্যার কথা পর্যন্ত ভেবে ফেলেন ত্রিধা! তাঁর কথায়, 'ওই সম্পর্কটা আমায় সম্পূর্ণ বদলে দিয়েছিল। মনে হতো আমি একটা বদ্ধ ঘরে আটকে রয়েগু। কারও সঙ্গে দেখা করতে পারতাম না, এতটাই মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম। কাউকে বলতে পারতাম না, আমার সঙ্গে কী চলছে। শারীরিক একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি আমার বাবার সঙ্গে কথা বলতে পারতাম না পর্যন্ত। আমার বন্ধুরা বিরক্ত হয়ে গিয়েছিল কারণ ওদের ফোন করতাম, কাঁদার জন্য। ২০২১ সালের একটা সময় তো আত্মহত্যা করার কথাও ভাবতাম। সেই সময় আমার এক বন্ধু আমায় খুব সাহায্য করে।' 

ত্রিধা জানান 'আশ্রম' সিরিজে বোল্ড দৃশ্যে অভিনয় করার জন্য সেক্স সিম্বল ট্যাগ পেয়ে গিয়েছিলেন।