অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে যশ, কিয়ারা আডবানি, নয়নতারা, হুমা কুরেশি, প্রমুখ অভিনীত ছবি 'টক্সিক'। তার আগে সম্প্রতি মুক্তি পেল ছবির টিজার। আর সেটা দেখেই ছিছি পড়ে গিয়েছে নেটপাড়ায়। কী ঘটেছে? 

'টক্সিক' ছবির টিজার জুড়ে রয়েছে ভরপুর যৌনতা। কখনও গাড়ি, কখনও পাব, কখনও অন্যত্র নায়ককে ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে অভিনেত্রীদের সঙ্গে। রয়েছে ভরপুর অ্যাকশন দৃশ্য। 'লেডিজ অ্যান্ড লেডিজ' নাম দিয়ে এই টিজার প্রকাশ্যে আনা হয়েছে। আর সেটা দেখেই চক্ষু চড়কগাছ নেটপাড়ার। কেউ কেউ যেমন প্রশংসা করেছে, তেমন অধিকাংশ ব্যক্তিই কটাক্ষ করেছেন। 

বর্তমানে 'টক্সিক' ছবির এই টিজার ট্রেন্ডিং। একাধিক বিতর্কিত বিষয় রয়েছে এই ভিডিওতে, রয়েছে উত্তেজক দৃশ্য এবং লাগামহীন যৌনতা। সেটা দেখেই এক নেটিজেন লেখেন, 'বিগ বাজেট কনডমের অ্যাড।' আরও একজন লেখেন, 'অস্কার না, নিজের নামে এফআইআর পাবে যশ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হরমোনের গণ্ডগোলের কারণে যখন কেউ ছবি বানায়, তখন ব্যাপারটা এরকম দাঁড়ায়।' অন্য আরও এক ব্যক্তি লেখেন, 'এখান থেকেই প্রমাণিত হল, টাকা থাকলেই ক্লাসি হওয়া যায় না।' 

তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ছবির টিজারের গোড়াতেই উল্লেখ রয়েছে, ছোটদের থেকে যেন এই ভিডিও দূরে রাখা হয়। আর সেই বিষয়টা যেন বাবা মা, দাদু, ঠাকুমারা নিশ্চিত করেন। কিন্তু সে যতই বিধিবদ্ধ সতর্কীকরণ থাকুক, 'পেড্ডি' ছবির পর আবারও 'টক্সিক' ছবির টিজারের এই ঠাসা যৌনতা যে বিতর্ক উসকে দিল সেটা বলার অপেক্ষা রাখে না। 

কন্নড় তারকা যশ অভিনীত ছবি 'টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন আপস' -এর মুক্তি একাধিকবার পিছিয়ে গিয়েছে নানাবিধ কারণে। সদ্যই এই ছবিটি নতুন মুক্তির দিন পেয়েছে। 'টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন আপস' প্রথমে মার্চ ১৯ এ মুক্তি পাওয়ার কথা ছিল। ওই একই দিনে 'ধুরন্ধর ২' -ও মুক্তি পাচ্ছিল। ফলে দু'টো বিগ বাজেট ছবি একই দিনে বড়পর্দায় এলে ব্যবসায় প্রভাব পড়বে বলে পিছিয়ে দেওয়া হয় সেই সময় ছবির মুক্তি। এরপর জানানো হয় ৪ জুন মুক্তি পাবে ছবিটি। কিন্তু মধ্যপ্রাচ্যে চলা অশান্তির জেরে সেই সময় ছবিটি মুক্তি পায়নি। কারণ তাহলে গোটা বিশ্বের দর্শকরা এই টলমল অবস্থায় সিনেমা হলে কতটা যাবেন, কতটা ছবি ব্যবসা করবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই সেই সময়ে মুক্তি পায়নি ছবিটি। এবার অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছবিটি। 

প্রসঙ্গত, 'টক্সিক' ছবিটির পরিচালনা করেছেন গীতু মোহনদাস। এই ছবিতে যশকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তাঁর বিপরীতে থাকবেন নয়নতারা এবং কিয়ারা আডবানি। এছাড়া তারা সুতারিয়া, হুমা কুরেশি, প্রমুখকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এটি একটি ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা হতে চলেছে। ৪ বছর পর বড় ধামাকা নিয়ে যশ আবার বড়পর্দায় ফিরছেন।