নওয়াজের ছবিতে ‘মিশন ইম্পসিবল’ অভিনেতা
একেবারে ভিন্ন চরিত্রে ফিরতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, নতুন হাইস্ট থ্রিলার ফেরার-এ। এই ছবিতে নওয়াজকে দেখা যাবে এক পদার্থবিদ্যার অধ্যাপকের ভূমিকায়, যা তাঁর কেরিয়ারে একেবারেই নতুন অবতার। বাস্তবধর্মী চরিত্রে দক্ষ এই অভিনেতাকে এমন এক ব্যাকড্রপে দেখা, স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়াচ্ছে দর্শকদের মধ্যে। ছবির আরেক বড় আকর্ষণ হল আন্তর্জাতিক কাস্টিং। হলিউড অভিনেতা ইলিয়া ভোলক-কে দেখা যাবে প্রধান প্রতিপক্ষের চরিত্রে। ‘মিশন ইম্পসিবল’, ‘জি.আই.জো’, ‘ইন্ডিয়ানা জোন্স’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতার উপস্থিতি ছবিকে আন্তর্জাতিক মাত্রা দিচ্ছে। মিশন ইম্পসিবল ফোর-এ টম ক্রুজ-এর বন্ধু অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন নিমিশা সাজায়ন, যিনি ডাব্বা কার্টেল-এর জন্য আলোচনায় এসেছিলেন।ছবির সুরের ক্ষেত্রেও রয়েছে বড় চমক। স্প্যানিশ কম্পোজার ইভান ল্যাকামারা, যিনি আন্তর্জাতিক জনপ্রিয় সিরিজ মানি হেইস্ট-এর সঙ্গে যুক্ত ছিলেন, তিনি এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে থাকছেন।
পরিচালক কুশাগ্র শর্মা জানিয়েছেন, এই ছবির মাধ্যমে তিনি ভিলেন চরিত্রকে নতুনভাবে তুলে ধরতে চান। তাঁর কথায়, ইলিয়া ভোলককে নওয়াজউদ্দিনের বিপরীতে কাস্ট করার সিদ্ধান্ত ছিল একেবারেই সৃজনশীল ভাবনা থেকে, যেখানে দু’জন শক্তিশালী অভিনেতার সংঘর্ষ পর্দায় এক অন্য মাত্রা আনবে।
প্রেমের ছবিতে ফিরছেন শাহরুখ
এই মুহূর্তে শাহরুখ খান ব্যস্ত তাঁর আসন্ন অ্যাকশন ছবি কিং-এর কাজ শেষ করতে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির মুক্তি লক্ষ্য করা হয়েছে ২০২৬-এর বড়দিনে। তবে এর মাঝেই জানা গেল, পরবর্তী ছবির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাহরুখ।
খবর, শাহরুখ এবার ফিরতে পারেন রোম্যান্সে। ইতিমধ্যেই কয়েকজন লেখক ও পরিচালকের সঙ্গে বৈঠক করছেন অভিনেতা। আলোচনায় থাকা প্রজেক্টটি একটি বড় বাজেটের। আরও ভাল করে বললে এক পরিণত প্রেমের গল্প, যা নাকি শাহরুখের মন ছুঁয়ে গিয়েছে।
গত কয়েক বছরে ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো হাই-অকটেন অ্যাকশন ছবিতে বক্স অফিস দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু নতুন এই সিদ্ধান্ত সেই ধারার থেকে স্পষ্ট এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শাহরুখ ঘনিষ্ঠ সূত্রের দাবি, এটি আগের রোম্যান্টিক চরিত্রের পুনরাবৃত্তি নয়, বরং বয়স অনুযায়ী এক পরিণত সম্পর্কের গল্প যেখানে থাকবে আবেগ, গভীরতা এবং নাটকীয়তা। ছবিতে আবারও ‘রোম্যান্সের পোস্টার বয়’ হিসেবেই দেখা যেতে পারে শাহরুখকে, তবে এক নতুন পরিপ্রেক্ষিতে।
এই ছবির ঘরানা বদলের পিছনে রয়েছে বাস্তব কারণও। দীর্ঘদিন ধরে অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিক চাপ ও ছোটখাটো চোটের মুখে পড়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত ভারী অ্যাকশন থেকে সরে এসে তুলনামূলক কম শারীরিক পরিশ্রমের চরিত্রে মন দিতে চাইছেন অভিনেতা।এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্রের খবর, জুন মাসের মধ্যেই চিত্রনাট্য যাচাই করে পরবর্তী ছবির ঘোষণা করতে পারেন শাহরুখ।
‘মালামাল উইকলি ২’-এর দায়িত্বে কে?
দু’দশক আগে হাসির ঝড় তুলেছিল প্রিয়দর্শনের মালামাল উইকলি। ২০০৬ সালের সেই ছবি আজও কাল্ট কমেডি হিসেবে দর্শকে র মনে জায়গা করে রেখেছে, যা বারবার দেখলেও যার মজা ফুরোয় না।আর এবার সেই আইকনিক হাসির জগতেই ফিরতে চলেছে নতুন অধ্যায়। শোনা যাচ্ছে, তৈরি হচ্ছে মালামাল উইকলি ২।অমিত শর্মা এই সিক্যুয়েলের পরিচালনার দায়িত্ব নিতে পারেন। প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা চলছে বলেই জানা গিয়েছে।ঘনিষ্ঠ সূত্রের দাবি, অমিত শর্মা এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে চান। একই সঙ্গে পুরনো মেজাজ বজায় রেখে দর্শকদের জন্য নিয়ে আসতে চান একেবারে ফ্রেশ অভিজ্ঞতা।
সবচেয়ে বড় চমক, এই ছবিতে ফিরতে পারেন পুরনো তারকারাও। লীলারাম চরিত্রে যিনি দর্শকদের মাতিয়েছিলেন, সেই পরেশ রাওয়ালের কামব্যাক প্রায় নিশ্চিত বলেই জল্পনা। পাশাপাশি রীতেশ দেশমুখ এবং রাজপাল যাদব-এরও ফেরার সম্ভাবনা রয়েছে।
