দিলদার দীপিকা-রণবীর 


বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর বিয়ে তখন দেশের অন্যতম আলোচিত আয়োজন। ইতালিতে ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধার পর মুম্বইয়ে একাধিক জমকালো রিসেপশনের আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি, যেখানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির ব্যক্তিত্বরা। তবে সম্প্রতি সেই বিয়েকে ঘিরে সামনে এসেছে এক ভিন্ন অভিজ্ঞতার কথা। একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পাপারাজ্জি স্নেহকুমার জালা। তাঁর কথায়, দীপিকা ও রণবীর শুধু অতিথিদের নয়, সংবাদমাধ্যমের ফটোগ্রাফারদের প্রতিও দেখিয়েছিলেন অসাধারণ সৌজন্য এবং সম্মান।

তিনি জানান, বিয়ের পর আয়োজিত প্রতিটি রিসেপশনেই পাপারাজ্জিদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু ছবি তোলার সুযোগই নয়, তাঁদের জন্য রাখা হয়েছিল পাঁচতারা মানের খাবার এবং মিষ্টির আয়োজনও।স্নেহকুমার জালার কথায়, “দু’জনেই ভীষণ ভদ্র ব্যবহার করেন। প্রতিটি অনুষ্ঠানে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে পাপারাজ্জিদের সামনে পোজ দেন। আমার ইন্ডাস্ট্রিতে নতুন থাকার সময় তাঁদের বিয়ের অনুষ্ঠান কভার করতে গিয়েছিলাম। তখনও তাঁরা নিজে থেকেই ছবি তোলার সুযোগ করে দেন। তিনটি রিসেপশন হয়েছিল, আর প্রতিটিতেই মিডিয়ার জন্য দারুণ আপ্যায়নের ব্যবস্থা ছিল। পাঁচতারা হোটেলের খাবার, মিষ্টি—সব মিলিয়ে আয়োজন ছিল অসাধারণ। সেই অনুষ্ঠান কভার করা সত্যিই উপভোগ্য অভিজ্ঞতা ছিল।”

 

পুরোটাই ফালতু?

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালা-কে নিয়ে বায়োপিক তৈরি হওয়ার জল্পনা নতুন নয়। তবে সম্প্রতি সেই আলোচনা ফের তুঙ্গে ওঠে, যখন বিভিন্ন বিনোদন পোর্টাল এবং সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় যে ছবিতে মাধুবালার চরিত্রে অভিনয় করতে পারেন কিয়ারা আদবানি। এমনকি নির্মাণের সঙ্গে নাকি যুক্ত থাকবেন প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনশালি—এমন দাবিও সামনে আসে।

এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ ভারতীয় সিনেমার ইতিহাসে মাধুবালার ব্যক্তিত্ব, সৌন্দর্য এবং অভিনয় প্রতিভা আজও কিংবদন্তির মর্যাদা পায়। ফলে তাঁর জীবনের গল্প বড়পর্দায় দেখার সম্ভাবনাই স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়ে দেয়।
কিন্তু ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এই সমস্ত খবরের কোনও ভিত্তিই নেই। সংশ্লিষ্ট একটি সূত্র স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমানে এমন কোনও প্রকল্পই তৈরি হচ্ছে না যেখানে কিয়ারা আদবানিকে মাধুবালার বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে বা যেখানে সঞ্জয় লীলা বনশালি প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন।

সূত্রের বক্তব্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলি ছড়িয়েছে, সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনও আলোচনা বা পরিকল্পনা এই মুহূর্তে বাস্তবে নেই।

 

বিবেকের কৃতজ্ঞতা 

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জেরে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় বিপাকে পড়েছিলেন বহু যাত্রী। বিশেষ করে দুবাইয়ে আটকে পড়েছিলেন অনেকেই। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাঁদের অনেকেই নিরাপদে ভারতে ফিরে এসেছেন। এই আবহেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়i।

সম্প্রতি মুম্বই থেকে দুবাইয়ে ফিরে তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। সেখানে তিনি বিমান সংস্থা এমিরেটসএবং সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও যেভাবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, তা নিয়ে তিনি বিশেষভাবে প্রশংসা করেন।ভিডিওর ক্যাপশনে তিনি সংযুক্ত আরব আমিরশাহির নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা জানান। তাঁর মতে, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও যে দৃঢ়তা ও স্থিরতার সঙ্গে পরিস্থিতি সামলানো হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।


বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে ফিরছে, আর এই অভিজ্ঞতার কথা তুলে ধরে বিবেক ওবেরয়ের বার্তা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।