এক বুক ভালবাসা
টেলিভিশনের জনপ্রিয় তারকা করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ-এর সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ নতুন নয়। রিয়েলিটি শো বিগ বস ১৫-এ আলাপের পর থেকেই তাঁদের প্রেমের গল্প দর্শকের নজরে। সেই সম্পর্ককে ঘিরেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই জুটি।সম্প্রতি, মুম্বইয়ে একটি রমজান উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে করণ কুন্দ্রা পাপারাজ্জিদের সামনে চমকে দেন। তিনি তাঁর বুকে প্রেমিকা তেজস্বী প্রকাশের মুখের ট্যাটু করিয়েছেন বলে দেখা যায়। যদিও ট্যাটুটি স্থায়ী নাকি অস্থায়ী, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেতা। বেগুনি কুর্তা পরে অনুষ্ঠানে উপস্থিত করণকে ট্যাটুটি দেখিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায়।
পরে এক সাক্ষাৎকারে করণ জানান, এটি তেজস্বীর জন্য একটি সারপ্রাইজ ছিল। তিনি বলেন, পরদিন তেজস্বীর প্রথম ওটিটি সিরিজ মুক্তি পেতে চলেছে, যার নাম সাইকো সাঁইয়া। সেই প্রসঙ্গেই মজা করে নিজেকে ‘সাইকো সাঁইয়া’ বলে উল্লেখ করেন করণ। তাঁর কথায়, “এটা তেজুর জন্য চমক ছিল। ও এখনও দেখেনি, তবে আমি বাড়ি পৌঁছানোর আগেই ভিডিওটা ওর কাছে পৌঁছে যাবে।” অভিনেতার এই উদ্যোগ সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা কুড়িয়ে নিয়েছে।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা -র বিয়েকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস তুঙ্গে। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। এই বিশেষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অভিনেতার টিমের তরফে শেয়ার করা প্রধানমন্ত্রীর বার্তায় লেখা হয়েছে, “২৬ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হতে চলা বিজয় ও রাশ্মিকার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আনন্দিত। এই শুভ ও আনন্দময় মুহূর্তে দেবরাকোন্ডা ও মান্দান্না পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।” তিনি আরও লেখেন, “এই বিয়ে তাঁদের জীবনের এক নতুন, সুন্দর অধ্যায়ের সূচনা। ‘সখা সপ্তপদ ভব’ অর্থাৎ একসঙ্গে সাত পা ফেলার মাধ্যমে জীবনের বন্ধু হয়ে ওঠা, এই চেতনার মধ্যেই বিবাহের গভীরতা নিহিত। বিজয় ও রশ্মিকা সিনেমায় নানা গল্পে অভিনয় করেছেন, কিন্তু বাস্তব জীবনের এই ঈশ্বরলিখিত অধ্যায়, ভালবাসা ও মমতায় ভরা, নিঃসন্দেহে তাঁদের পর্দার জাদুকেও ছাপিয়ে যাবে।”

শেষে নবদম্পতির ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “আগামী দিন, মাস ও বছরগুলি যেন তাঁদের যৌথ স্বপ্ন ও তার পূরণে ভরে ওঠে। ভালবাসা ও বোঝাপড়ার মাধ্যমে দায়িত্ব ভাগ করে নিয়ে, একে অপরের অপূর্ণতাকে গ্রহণ করে, শক্তি থেকে শিক্ষা নিয়ে তাঁরা যেন সত্যিকারের সঙ্গী হয়ে জীবনপথে এগিয়ে যান। এই স্মরণীয় মুহূর্তে নবদম্পতি ও তাঁদের পরিবারকে আমার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।”
শত্রুঘ্নর ‘ধুরন্ধর’ প্রশংসা
পরিচালক আদিত্য ধরের স্পাই থ্রিলার 'ধুরন্ধর' কখনও আলোচনার কেন্দ্রে, বিশেষত দ্বিতীয় পর্ব মুক্তির দিন ঘনিয়ে আসায় উত্তেজনা আরও বাড়ছে। ছবিটিতে মুখ্যভূমিকায় ছিলেন রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। বিশাল স্কেল, দ্রুতগতির চিত্রনাট্য ও শক্তিশালী অভিনয়ের জোরে ছবিটি একাধিক বক্স অফিস রেকর্ড ভেঙেছে বলে দাবি নির্মাতাদের।এবার ছবির প্রশংসায় মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহা। সিনেমাটি দেখার পর তিনি সমাজমাধ্যমে পোস্ট করে গোটা টিমের প্রশংসা করেন এবং পরিচালক আদিত্য ধরের কাজকে ‘কমার্শিয়াল মাস্টারপিস’ বলে উল্লেখ করেন।
&t=313s
শত্রুঘ্ন সিনহা লেখেন, ছবিটি তাঁর কাছে এক “অমলিন সিনেম্যাটিক অভিজ্ঞতা” হয়ে উঠেছে। একইসঙ্গে তিনি অভিনেতাদের শক্তিশালী অভিনয়েরও প্রশংসা করেন। পোস্টে তিনি স্মরণ করেন প্রয়াত তারকা সুনীল দত্ত ও বিনোদ খান্না-কে, যাঁদের উপস্থিতি এই ধরনের বৃহৎ কাহিনিকে আরও সমৃদ্ধ করত বলে তাঁর মন্তব্য।
