ধ্রুব রাঠীকে তুলোধোনা ওরির
বলিউডের তারকাদের ‘বেস্ট ফ্রেন্ড’ তথা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ওরি ওরফে ওরহানি আওয়াতরামানি এবং বিখ্যাত ইউটিউবার তথা রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠি-র মধ্যর বিবাদ এবার এক চরম পর্যায়ে পৌঁছাল। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ধ্রুব রাঠিকে সটান ‘দেশবিরোধী’ (বলে দাগিয়ে দিলেন ওরি। এখানেই শেষ নয়, ওরি দাবি করেছেন যে ধ্রুব রাঠি কেবল নিজের স্বার্থ এবং ব্যক্তিগত ন্যারেটিভ বা এজেন্ডা মেলানোর জন্যই বেছে বেছে বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও তৈরি করেন। একটি পডকাস্টে এসে ওরি খোলসা করেছেন ঠিক কী কারণে তিনি ধ্রুব রাঠিকে দু’চোখে দেখতে পারেন না এবং কীভাবে ধ্রুব রাঠির একটি চালের কারণে তিনি মারাত্মক ‘মানসিক অত্যাচার’-এর শিকার হয়েছিলেন!

পডকাস্টে ওরি ওঁর রাগের আসল রহস্য ফাঁস করে বলেন, ধ্রুব ওঁর জনপ্রিয়তা ব্যবহার করে ভিউ কামানোর জন্য নোংরা ‘ক্লিকবেট’ ট্রিক ব্যবহার করেছিলেন। ওরি বলেন, “আমি ওকে একদম পছন্দ করি না। আর তার সবচেয়ে বড় কারণ হল, ও নিজের একটা ভিডিওর থাম্বনেইলে আমার ছবি ব্যবহার করেছিল। ওটা দেখে আমি অবাক হয়ে যাই এবং ভাবি ভিডিওটা বুঝি আমাকে নিয়ে। কিন্তু পুরো ভিডিওটার মধ্যে আমি ছিলাম মাত্র দু'সেকেন্ড! ও আমাকে স্রেফ ক্লিকবেট হিসেবে ব্যবহার করে একটা ২০ মিনিটের ভিডিও দেখতে বাধ্য করল, যার সঙ্গে আমার দূর-দূরান্তের কোনো সম্পর্ক নেই। ওটা দেখা আমার জন্য চরম একটা মানসিক অত্যাচার ছিল।”
শুরার ‘বাপি বাড়ি যা’
বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান এবং ওঁর স্ত্রী শুরা খানের বয়সের ব্যবধান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বা কটাক্ষ নতুন কিছু নয়। তবে নিন্দকদের কীভাবে নিজের রসবোধ আর বুদ্ধিমত্তা দিয়ে কুপোকাত করতে হয়, তা খুব ভাল করেই জানেন শুরা। গত বছরই এই তারকা দম্পতি ওঁদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শুরা, আর সেখানেই আরবাজকে ‘বুড়ো’ বলে কটাক্ষ করা এক ট্রোলারকে একেবারে মোক্ষম জবাব দিলেন তিনি।
ইনস্টাগ্রামের ওই প্রশ্নোত্তর পর্বে এক নেটিজেন আরবাজ ও শুরার বয়সের ফারাক নিয়ে ঠাট্টা করে একটি কুরুচিকর মন্তব্য ছুড়ে দেন। হাসির ইমোজি জুড়ে ওই ট্রোলার শুরাকে সরাসরি প্রশ্ন করেন, “ বুড়ো মানুষটার সঙ্গে আপনি সুখে আছেন তো? সাধারণত এই ধরণের ট্রোলের মুখে পড়ে অনেকেই রেগে যান বা কমেন্ট সেকশন ব্লক করে দেন। কিন্তু শুরা রেগে না গিয়ে উল্টো রসবোধের সঙ্গে পরিস্থিতি সামাল দেন। ওঁর দেওয়া মোক্ষম জবাবটি এখন নেটপাড়ায় তুমুল ভাইরাল।
এবার কার্তিকের সঙ্গে জুটি শর্বরীর?
বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম অভিনেত্রী শর্বরী ওয়াঘ-এর কেরিয়ারের গ্রাফ এখন রকেটের গতিতে ছুটছে। ইমতিয়াজ আলির পরিচালনায় ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের পর এবার ওঁর হাতে রয়েছে একের পর এক বিগ-বাজেট প্রজেক্ট। ওয়াইআরএফস্পাই ইউনিভার্সের হাই-অকটেন অ্যাকশন ছবি ‘আলফা’-তে আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। পাশাপাশি ২০২৬ সালের শেষের দিকে মুক্তি পেতে চলেছে সুরজ বরজাতিয়া পরিচালিত ওঁর আরও একটি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’।
এরই মধ্যে বলিপাড়া থেকে এল আরও এক মস্ত বড় খবর! বলিউডের নামী পরিচালক লভ রঞ্জন ওঁর আগামী ছবিতে শর্বরীকে লিড হিরোইন হিসেবে নেওয়ার জন্য নাকি কথাবার্তা চালাচ্ছেন। আর সবচেয়ে বড় চমক হল, এই ছবিতে ওঁর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে কার্তিক আরিয়ান-কে! সূত্রের খবর, গত ১০ বছরে বলিউডে একঝাঁক সুপারহিট এবং আধুনিক ‘জেন-জে’ রোমান্টিক-কমেডি ছবি উপহার দেওয়া লভ রঞ্জনের সঙ্গে কাজ করার জন্য শর্বরী নিজেও ভীষণ উৎসাহিত।















