মুম্বইয়ের রাস্তায় নয়নতারার সঙ্গে নামছেন সলমন
সলমন খান এবং দক্ষিণী সুন্দরী নয়নতারা-র অন-স্ক্রিন রসায়ন দেখার জন্য সিনেমা প্রেমীদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। এক্কেবারে প্রথমবার এক ফ্রেমে ধরা দিতে চলেছেন এই দুই মেগা তারকা। জানা গেছে, আগামী ১০ জুন, ২০২৬ থেকে মুম্বইয়ের বুকে শুরু হতে চলেছে এই বিগ-বাজেট ছবির পরবর্তী শুটিং শিডিউল। আর এই নতুন দফার শুটিং জুড়েই থাকবে ছবির বেশ কিছু হাড়হিম করা ও হাই-ভোল্টেজ অ্যাকশন সিকোয়েন্স।
জাতীয় পুরস্কারজয়ী পরিচালক বংশী পাইডিপল্লি-র পরিচালনায় এবং দিল রাজু-র বিখ্যাত প্রযোজনা সংস্থা ‘শ্রী ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশন্স’-এর ব্যানারে তৈরি হচ্ছে এই নাম ঠিক না হওয়া মেগা প্রজেক্টটি। খবর, আগামী ১০ জুন থেকে মুম্বাইয়ের বান্দ্রা এবং তার আশেপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ আউটডোর লোকেশনে ক্যামেরা চালু হবে। ছবির গল্পের খাতিরে একটি নিখুঁত শহুরে প্রেক্ষাপট প্রয়োজন ছিল, আর সেই কারণেই খাস বান্দ্রাকে বেছে নিয়েছেন নির্মাতারা।
ফের গ্যাঁড়াকলে ‘দোস্তানা ২’
‘ধর্মা প্রোডাকশন্স’ -এর অন্যতম বহুল প্রতীক্ষিত এবং দীর্ঘকাল ধরে আটকে থাকা প্রজেক্ট ‘দোস্তানা ২’ যেন এক অনন্ত আইনি ও অভ্যন্তরীণ জটিলতার গোলকধাঁধায় ফেঁসে গেছে। বহু বিতর্কের পর যখন মনে করা হচ্ছিল ছবিটির চাকা এবার একটু গড়াবে, তখনই আবার বড়সড় ধাক্কা খেল এই সিনেমা। শোনা যাচ্ছে, ছবির অন্যতম প্রধান স্তম্ভ অর্থাৎ পরিচালক অদ্বৈত চন্দন এই প্রজেক্ট থেকে সম্পূর্ণ সরে দাঁড়িয়েছেন!‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘লাল সিং চড্ডা’ খ্যাত পরিচালক অদ্বৈত চন্দন গত কয়েক মাস ধরে এই ছবির চিত্রনাট্যর পেছনে দিনরাত এক করে সময় দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা আর হল না।
খবর, প্রযোজক করণ জোহর -এর টিমের সঙ্গে ‘ক্রিয়েটিভ ডিফারেন্স’ -এর জেরেই সিনেমাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অদ্বৈত।‘দোস্তানা ২’ ছবিটির গল্প ও এর উপস্থাপনা নিয়ে অদ্বৈত চন্দনের যে নিজস্ব ভিশন ছিল, তার সঙ্গে প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন্সের চিন্তাভাবনা কোনওভাবেই মিলছিল না। তবে স্বস্তির কথা এটাই যে, এই বিচ্ছেদ বা বিদায় কোনও কাদা ছোঁড়াছুঁড়ি বা ঝগড়াঝাঁটির মধ্য দিয়ে হয়নি। দু’পক্ষের সহমতের ভিত্তিতে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আবহেই অদ্বৈত এই ছবি থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে।
কেমন চলছে ‘বান্দর’?
‘অ্যানিম্যাল’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর বলিউডের ‘লর্ড ববি’ অর্থাৎ ববি দেওল-এর রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিল। এবার বলিউডের ‘আন্ডারগ্রাউন্ড কিং’ পরিচালক অনুরাগ কাশ্যপ-এর হাত ধরে এক্কেবারে ভিন্ন, রিলিস্টিক ও চেনা ছকের বাইরের এক চরিত্রে পর্দায় হাজির হয়েছেন ববি। গত শুক্রবার (৫ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁদের বহুচর্চিত ডার্ক ক্রাইম-থ্রিলার ছবি ‘বান্দর’। মুক্তির পর থেকেই সিনে-সমালোচক ও দর্শকদের একাংশ এই ছবিটিকে ববি দেওলের কেরিয়ারের ‘সেরা পারফরম্যান্স’ এবং অনুরাগের গত কয়েক বছরের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী ছবি’ বলে তকমা দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বক্স অফিসে কাঙ্ক্ষিত ম্যাজিক দেখাতে পারল না এই ছবি। প্রথম তিন দিনে সিনেমাটির কালেকশন গ্রাফ বড্ড মলিন।বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মুক্তির তৃতীয় দিন অর্থাৎ রবিবারে ছবিটির ঝুলিতে এসেছে মাত্র ৮৯ লক্ষ টাকা।















