দোলের রঙে চারপাশ এখন থেকেই রঙিন। বসন্তের রং লেগেছে টলিপাড়ার নবদম্পতিদের মনেও। সদ্য বিবাহিত জুটিরা কীভাবে দোল উৎসবে মেতে উঠবেন? খোঁজ নিল আজকাল ডট ইন। 

ভালবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিপাড়ার 'মিষ্টি' জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ের পর প্রথম দোলে কী করবেন তাঁরা? শ্যামৌপ্তির কথায়, "প্রথম যে কোনও কিছুই খুব স্পেশাল হয়। দোলটাও আমাদের কাছে খুব স্পেশাল হয়ে উঠবে আশা করি। খুব একটা বেশি রং খেলি না। প্রতি বছর খুব ছোট করেই সেলিব্রেট করি। এবছর ঠিক করেছি সকালে অল্প আবির খেলব, তারপর সন্ধের দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে হাউজ পার্টির প্ল্যান করেছি।"

বহুদিনের প্রেমিকা রিনির সঙ্গে সদ্য বিয়ে সেরেছেন অভিনেতা সায়ন বসু। বিয়ের পর প্রথম উৎসবে কী প্ল্যান তাঁদের? প্রশ্ন শুনে একটু মন খারাপ সায়নের। বললেন, "রিনি তো বিদেশে থাকে, বিয়ের জন্য এসেছিল, আবারও ফিরে যেতে হয়েছে। তাই বিয়ের পর প্রথম দোলটা একসঙ্গে কাটানো হবে না আমাদের।‌ অন্যান্য ফেস্টিভ্যালের মতো দোলটাও ভিডিও কলেই কাটবে। আমাদের বাড়িতে সেদিন নারায়ণ পুজো হয়। রিনি প্রতিবারই ভিডিও কলে থাকে আমার সঙ্গে। পুজো দেখে, কথা হয়, এবছরও তাই হবে। আসলে এটা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। দূরত্বটা দুটো জায়গার হোক, দুটো মনের যেন না হয়। এটাই বিশ্বাস আমাদের।"

যাদুকর জুনিয়র পিসি সরকারের মেজমেয়ে, অভিনেত্রী মৌবনী সরকারও এ বছর গাঁটছড়া বেঁধেছেন। বিজ্ঞাপনের মাধ্যমে সম্বন্ধ খুঁজে পেয়েছেন তিনি। প্রথম দোলে কী পরিকল্পনা তাঁর? আজকাল ডট ইন-কে মৌবনী বলেন, "আমি তো বরাবরই খুব রং খেলতে ভালবাসি। ইচ্ছে আছে সৌম্যর মাথা থেকে পা পর্যন্ত রং মাখাব। কিন্তু ও আবার এতটাও পছন্দ করে না। কিন্তু আমি তো ছাড়ব না‌। যদিও প্রতি বছরের মতো এই বছরও বাবা, মা, বোনেরা একটা প্ল্যান করেছিল। কিন্তু আমি প্রথম দোলটা সৌম্যর সঙ্গেই কাটাতে চাই। প্রতি বছর দোল আমার জীবনে কোনও না কোনও রঙ নিয়ে আসে। এ বছর মনে হয় জীবনে লাল রঙের আধিক্য থাকবে।"