অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর জেরে টলিউডের শুটিং ফ্লোরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টলিপাড়ায় উঠছে প্রশ্ন। রাহুলের অকাল প্রয়াণে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের পক্ষ থেকে সেভাবে কোনও যুক্তি না আসায় আর্টিস্ট ফোরাম ও রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের পক্ষ থেকে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কলকাতায় ও রাহুলের মৃত্যুর ঘটনাস্থল তালসারিতে। রাহুলের মৃত্যুর পর উঠে এসেছে শুটিং ফ্লোরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সেই সমস্যার প্রতিবাদেই টলিপাড়ায় শুটিং বন্ধ ছিল একদিন। আগেই ঠিক হয়েছিল টলিউডের ফ্লোরের নতুন এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর) নির্ধারিত হবে। সোমবার আর্টিস্ট ফোরাম ও ইম্পার মিটিং-এ সেই এসওপি নির্ধারিত হল। 

মিটিং শেষে জানানো হয়েছে, এবার থেকে প্রত্যেক সিনেমার ক্ষেত্রে শিল্পী ও কলাকুশলীদের জন্য ইন্স্যুরেন্স করা হবে, ছবির বাজেট অনুযায়ী। এদিনের মিটিং-এ উপস্থিত ছিলেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত। আর্টিস্ট ফোরামের থেকে ছিলেন শান্তিলাল মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী। এছাড়াও ছিলেন ফিরদৌসুল হাসান, রাণা সরকার ও শ্রীকান্ত মোহতাও।

প্রসঙ্গত, রাহুল অরুণোদয় ব্যানার্জির অকালমৃত্যুর পর গোটা টলিউড ইন্ডাস্ট্রি যেন নড়েচড়ে বসেছে। এটা হাতে টলিউডের মিটিং থেকে শুরু করে পুলিশি জট সামলেছেন প্রিয়াঙ্কা সরকার। অন্যদিকে ছেলে সহজ ও রাহুলের শোকাচ্ছন্ন মাকেও সামলাচ্ছেন প্রিয়াঙ্কা। এর মধ্যে নিজের জন্য সময় কই? কিন্তু স্বাভাবিক জীবনে যে ফিরতেই হবে। এর মধ্যেই নতুন কাজ শুরু করতে চলেছেন অভিনেত্রী।

আলাদা আলাদা মানুষের জীবন সংগ্রামের গল্পকে এক সুতোয় গাঁথতে আসছে নতুন এক বাংলা ছবি। নাম, 'অনুমানের ভিত্তিতে'। পরিচালনায় অভিজ্ঞান মুখোপাধ্যায়। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সূত্রের খবর, তাঁর বিপরীতে দেখা যেতে পারে অভিনেতা জন ভট্টাচার্যকে। অসমপ্রেম, বন্ধুত্বের ছবি ফুটে উঠবে গল্পে। তবে এই ছবির শুটিং এখনই শুরু করছেন না প্রিয়াঙ্কা। তবে খুব তাড়াতাড়িই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরতে চলেছেন তিনি।

অন্যদিকে, প্রিয়াঙ্কা বিক্রম চ্যাটার্জির প্রযোজনায় 'তারকাটা' ওয়েব সিরিজের শুটিংয়েও ফিরেছিলেন। এই সিরিজের শুটিং চলাকালীনই রাহুলের মৃত্যুর খবর এসেছিল প্রিয়াঙ্কার কাছে। সেই মুহূর্তে তড়িঘড়ি তালসারিতে ছুটেছিলেন তিনি।