বহু বছর পর পরিচালনায় ফিরলেন স্বপন সাহা। ছবির নাম 'মন ছুঁই'। এই ছবিও হতে চলেছে তাঁর চেনা পারিবারিক ঘরানার। নায়ক-নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্য ও অভিনেত্রী দর্শনা বণিককে। সোমবার শহরে হয়ে গেল ছবির শুভ মহরৎ। এই বিশেষ দিনের সাক্ষী থাকলেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। এছাড়াও 'অভিমান' ছবির প্রচারে হাজির হয়েছিলেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস।
স্বপন সাহার বহু ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জিকে বিভিন্ন চরিত্রে দেখেছেন দর্শক। কখনও ঋতুপর্ণা সেনগুপ্ত, কখনও শতাব্দী রায়, কখনও আবার রচনা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে বিভিন্ন ছবিতে দর্শকের মন জয় করেছেন তিনি। এদিনের অনুষ্ঠানে স্বপন সাহা জানান তিনি সুযোগ পেলে আবার প্রসেনজিতকে নিয়ে ছবি করবেন। তাঁর কথায়, "হয়তো আমার শেষ ছবিটাই বুম্বাকে নিয়ে হবে।" পরিচালকের মুখে এই কথা শুনে টলিউডের 'ইন্ডাস্ট্রি' বলেন, "আমরা ভাবনাচিন্তা করব এই নিয়ে। এটা এখন সারপ্রাইজ থাক। তবে স্বপনদার মুখে শেষ ছবি কথাটা মানায় না। সেই সময় যেসব ছবি উনি উপহার দিয়েছেন বক্স অফিসে তার যা সাফল্য, তা আজকের দিনে কল্পনাও করা যায় না। বহুদিন পর স্বপনদা কাজে ফিরলেন। আমি রোহন-দর্শনাকে বলব, তোমরা ওঁর মান রেখো।"
পরিচালনায় ফেরা প্রসঙ্গে পরিচালক স্বপন সাহা আজকাল ডট ইন-কে বলেন, "ভাল গল্প, ভাল উপস্থাপনা বরাবরই দর্শককে টানে। আমার নিজের প্রতি সেই বিশ্বাস রেখেই আবার কাজে ফেরা। এখন টলিউডে রাজনৈতিক মতাদর্শ অনেক বেশি। আমাদের সময় কিন্তু এমনটা ছিল না। কাজের ক্ষেত্রে কোনও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা ছিল না। আমি চেয়েছিলাম নতুন প্রজন্মের ছেলে-মেয়েকে নিয়ে কাজ করতে। আগে রোহনের কাজ দেখেছি ওর মধ্যে কাজের খিদে আছে, তাই ওকে নায়কের চরিত্রে ভাবা। দর্শনা তো এই যুগের প্রতিভা। ওর প্রতি অনেকটা ভরসা রেখেই এগোচ্ছি।"
প্রসঙ্গত, 'মন ছুঁই'-এর গানে অনন্য অবদান রেখেছেন প্রয়াত দুই শিল্পী আশা ভোঁসলে ও জুবিন গর্গ। এই দুই শিল্পীই তাঁদের জীবনের শেষ গানটা এই ছবির জন্যই গেয়েছিলেন। এছাড়াও রয়েছে অন্বেষা দত্ত গুপ্তর কণ্ঠেও গান। জানা যাচ্ছে, আগামী আগস্ট মাস থেকেই এই ছবির শুটিং শুরু হবে।















