টলিপাড়ায় খুশির খবর। পরিচালক রাজা চন্দ ও অভিনেত্রী পিয়ান সরকার প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন৷ আজ ছিল পিয়ানের সাধভক্ষণ অনুষ্ঠান। নীল শাড়িতে বাঙালি সাজে সেজেছিলেন পিয়ান৷ রাজা চন্দ সাদা পাঞ্জাবি পাজামা পরে হবু মায়ের মুখে খাবার তুলে দিলেন৷
মেনুতে ছিল, সাদা ভাত, ঘি, লেবু, নুন, উচ্ছে ভাজা,শুক্তো,আলু ভাজা, পটল ভাজা,ডাল,
মোচার ঘন্ট, এঁচোড়ের তরকারি, পটলের দোলমা, শাকভাজা, চাটনি, পায়েস, মিষ্টি৷ কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে রাজকীয় ভোজ দেওয়া হয়েছিল পিয়ানকে খেতে৷
২০১৮ সালে বিয়ের পর আট বছর কেটে গিয়েছে। সম্প্রতি সন্তান আসার সুখবরের কথা নিজেরাই জানিয়েছিলেন৷ কয়েকদিন আগে পিয়ান জানান, তিনি এখন প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। প্রথমবার মা হওয়ার অনুভূতি তাঁর কাছে অত্যন্ত বিশেষ। তাই এই সময় নিজের এবং অনাগত সন্তানের সুস্থতার দিকেই সবচেয়ে বেশি নজর দিচ্ছেন তিনি। তাই সাত মাসের সাধ ভক্ষণ অনুষ্ঠান এটি৷
অভিনেত্রীর কথায়, তিনি নিয়মিত রুটিন মেনে চলছেন। পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ মেনে শরীরচর্চা করছেন। পাশাপাশি মানসিকভাবে ইতিবাচক থাকারও চেষ্টা করছেন। তাঁর আশা, তাঁদের সন্তান সুস্থ, প্রাণবন্ত এবং ইতিবাচক মানসিকতার মানুষ হয়ে বড় হবে।
রাজা চন্দও জানিয়েছেন, বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বলেন, এই আনন্দের পাশাপাশি দায়িত্বও অনেক বেড়েছে। কাজের সূত্রে তাঁকে কলকাতা ও মুম্বইয়ের মধ্যে যাতায়াত করতে হলেও, এই বিশেষ সময়ে স্ত্রী ও সন্তানের জন্য যতটা সম্ভব সময় দেওয়ার পরিকল্পনা করছেন।
















