ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী নবনীতা দাস। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বরাবরই নেটিজেনদের চর্চার কেন্দ্রে থেকেছে।নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নবনীতা। অভিনেতা জিতু কামালের সঙ্গে বিবাহবিচ্ছেদের ফলে ব্যক্তিগত জীবন চর্চায় থাকে নবনীতার।
যদিও বেশ কিছুদিন ধরে তাঁকে ছোটপর্দায় নিয়মিত দেখা যাচ্ছে না, তবু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণে অনুরাগীদের সঙ্গে তাঁর যোগাযোগ অটুট। এবার সেই সোশ্যাল মিডিয়াতেই এমন একটি পোস্ট করলেন তিনি, যা দেখে রীতিমতো চিন্তায় পড়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।
শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে নবনীতা দুটি ছবি ভাগ করে নেন। একটি ছবিতে দেখা যায় ৫ ফেব্রুয়ারির দৃশ্য, যেখানে তিনি জিমে শরীরচর্চা করছেন, সুস্থ ও প্রাণবন্ত। আর ঠিক তার পাশেই রয়েছে ৬ ফেব্রুয়ারির আর একটি ছবি, যেখানে অভিনেত্রী শুয়ে রয়েছেন হাসপাতালের বেডে। এই দুই ছবির তুলনাই যেন অনেক কিছু বলছে। মাত্র একদিনের মধ্যে কী হল তাঁর? ইন্সটাগ্রাম স্টোরিতে ওই ছবি ভাগ করে একটিমাত্র শব্দ লিখেছেন নবনীতা, 'অপ্রত্যাশিত'। কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, সে বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে তবে ফোনে তিনি অধরা।
নবনীতার এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই নেটপাড়ায় শুরু হয়েছে জল্পনা। অনুরাগীরা নানা প্রশ্ন করছেন, কেউ কেউ আবার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তাও পাঠাচ্ছেন তাঁকে। তবে অভিনেত্রীর পক্ষ থেকে কোনও বিবৃতি না আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
প্রসঙ্গত, কাজের দুনিয়া থেকে আপাতত কিছুটা দূরে থাকলেও সমাজমাধ্যমে কিন্তু দারুণ সক্রিয় নবনীতা। হাতে একটু সময় পেলেই ছুটি কাটাতে চলে যান অভিনেত্রী। দেশে-বিদেশে বিভাগের জায়গা থেকে ছবি পোস্ট করে অভিনেত্রী বুঝিয়ে দেন এখন নিজের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত তাঁর কাছে 'স্পেশাল'।
