শোকের ছায়া অভিনেতা শুভ্রজিৎ দত্তর পরিবারে। বাবাকে হারালেন তিনি। অভিনেতার বাবা পশুপতি দত্ত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শনিবার সকালে বাবার শেষকৃত্য সম্পন্ন করেন শুভ্রজিৎ ও তাঁর দুই দাদা।
আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "আসলে খুব বেশি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। শোকটা তো বড্ড ব্যক্তিগত। কোনও বিষয়ে মন্তব্য করার আগে দু'বার ভাবি। তাই বেশি আড়ম্বর না করে ফেসবুকেই জানিয়েছিলাম খবরটা। অনেকের সঙ্গেই তো যোগাযোগ রয়েছে, তাঁরা যেন খবরটা পান সেই কারণেই লেখা। আমি তো উত্তর কলকাতার ছেলে। আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাই এসেছিলেন বাবাকে শ্রদ্ধা জানাতে। আসলে ২০১৯ সাল থেকেই বাবা একদম শয্যাশায়ী। খুব ভুগছিলেন। আমার যা প্রফেশন খুব বেশি দেখভাল করতে পারিনি সব সময়। তবে দাদা-বৌদিরা খুব যত্ন নিয়েছে বাবার।"
শুভ্রজিৎ আরও বলেন, "বাবা বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছিলেন। হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু এবার আর ফিরলেন না।" অভিনেতা জানান, তাঁর মা শোকাচ্ছন্ন। এই মুহূর্তে পরিবারের পাশে থেকে একান্ত সময় কাটাতে চান তিনি।
শুভ্রজিতের ফেসবুক পোস্টে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। অনেকেই অভিনেতাকে এই কঠিন সময়ে মন শক্ত রাখার পরামর্শ দিয়েছেন। শুভ্রজিতের দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র সমাজমাধ্যমে এই খবর পাওয়ার পর লেখেন, 'কাকু আজ বিকেলে আমাদের ছেড়ে চলে গেলেন। টুলু, মন শক্ত করে ভাই, আমরা সকলে তোর সঙ্গে আছি।'















