রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুর চার দিন পরে সমাজমাধ্যমে রাহুলদাকে নিয়ে লিখলেন অভিনেতা গৌরব চক্রবর্তী। পেশাগত পরিচয়ের বাইরেও তাঁদের মধ্যে ছিল আপন দাদা-ভাইয়ের সম্পর্ক।
সহজ কথায় এসেছিলেন গৌরব৷ সেখানেও রাহুল জানিয়েছিলেন গৌরব আর অর্জুন সব্যসাচী চক্রবর্তীর দুই পুত্রকে রাহুল খুব ছোটবেলা থেকেই চেনেন। তাদের দুই ভাইয়ের বেড়ে ওঠা খুনসুটির গল্পও রাহুল বলেছিলেন সহজ কথায়৷
গৌরব চক্রবর্তী একদিকে যেমন রাহুলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। তেমনি গৌরব এবং স্ত্রী ঋদ্ধিমা তাঁদের সন্তান ধীরকে জ্যাঠার সঙ্গে অর্থাৎ রাহুল অরুনোদয় এর সঙ্গে পরিচয় করানোর দায়িত্ব নিয়েছেন।
গত ২৯ মার্চ ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিংয়ে গিয়েছিলেন রাহুল অরুনোদয় ব্যানার্জি। সেখানেই সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের৷
গৌরব লিখেছেন, "কে আমায় লিখতে জোর করবে? কে আমায় কারণ অকারণে বকবে? কে বলবে তুই আমার বোনের সামনে রাগ দেখালে আমার থেকে খারাপ কেউ হবেনা? কে আমাদের সঙ্গে বেড়াতে গিয়ে suitcase হারিয়ে ফেলবে? কে phone করে বলবে “কোন গাড়িটা কেনা যায় বলতো?”
প্রসঙ্গত বোন এখানে গৌরবের স্ত্রী ঋদ্ধিমা৷ রাহুলের মৃতদেহ দেখেও ঋদ্ধিমা অঝোরে কেঁদে ফেলেছিল।
গৌরব লিখেছেন রাহুলের অকালপ্রয়াণ মেনে নেওয়া তাঁর কাছে বড় কঠিন। শুধু তাই নয়, রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেসবও যে ভাল লাগছে না তাও জানিয়েছেন গৌরব।
গৌরব লিখেছেন, "তোমার এই চলে যাওয়া মেনে নিতে বড়ই কষ্ট হচ্ছে রাহুলদা। শেষ মুহূর্তগুলো কতটা কষ্টে কেটেছে সেটা ভেবে ছটফট করছি। প্রতিদিন। এটা ঠিক হলো না। এভাবে সবকিছু শেষ হওয়ার কথা ছিলো না। তার মধ্যে এতো ধোঁয়াশা, এতো মিথ্যে, এতো গা ঢাকা দেওয়ার চেষ্টা, এতো দায়িত্বহীনের মতো বিবৃতি, আর ভালো লাগছে না।
কদিন বাদে হয়তো সব শান্ত হয়ে যাবে। সবাই নিজের কাজে ফিরে যাবে। আমরাও। পৃথিবী চলবে পৃথিবীর মতো। কিন্তু এই ক্ষতি পূরণ হওয়ার নয়। এই ক্ষত থেকে যাবে আমার মতো অনেকের মধ্যে।
ধীর তার জ্যাঠাকে মনে না রাখতে পারলেও চিনবে ঠিকই। ঋদ্ধিমা আর আমি তার দ্বায়িত্ব নিলাম। তুমি যেখানেই থাকো, ভালো থেকো। আর কিচ্ছু চাইনা।
Rest in peace Rahul da. My brother, my own."
মানুষ চলে গেলেও রয়ে যায় কাজ। সেই কাজের মধ্য দিয়েই মানুষটিকে আগামী প্রজন্মের কাছে চেনানোর গুরুদায়িত্ব নিলেন গৌরব-ঋদ্ধিমা। ধীর চিনবে অভিনেতা রাহুল ব্যানার্জিকে। ধীর চিনবে তাঁর জ্যাঠাকে৷ ধীর চিনবে তাঁর বাবার দাদাকে, তাঁর বাবার আপনার জনকে৷ রাহুল অরুনোদয় বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।














