চলতি সপ্তাহে আবার খেলা ঘুরিয়ে দিল জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। ফের প্রথম স্থানে জায়গা করে নিল এই মেগা। প্রাপ্ত নম্বর ৬.৩। ৫০০ পর্ব পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত গল্পে মিল দেখানো হয়নি নায়ক-নায়িকার। তবুও বেশ ভালই এগোচ্ছে। দ্বিতীয় স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। প্রথম স্থান হাতছাড়া হলেও এবার দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'পরশুরাম' ও জি বাংলার 'জোয়ার ভাঁটা'। চলতি সপ্তাহে দুই মেগা যৌথভাবে পেয়েছে ৬.০।
তৃতীয় স্থানে রয়েছে 'রাঙামতি তীরন্দাজ'। ৫.৯ নম্বর পেয়েছে এই ধারাবাহিক। এখন গল্পের মোড়ে বিপদ আরও ঘনীভূত হয়েছে। মাকে ফিরে পেয়েছে রাঙা। অন্যদিকে, গুপ্তধনের সন্ধানে রাঙার অভিযান নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। যদিও শুধু উত্তেজনা নয়, নেটপাড়ায় কটাক্ষের মুখেও পড়ে এই ধারাবাহিক। চতুর্থ স্থানে গোরা ও দিতির গল্প 'তারে ধরি ধরি মনে করি'। পুনর্জন্ম ও ভক্তির মিশেলে তৈরি এই ধারাবাহিক প্রথম থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এই সপ্তাহে এই মেগার ঝুলিতে রয়েছে ৫.৭।
পঞ্চমে আছে স্টার জলসার বাণী ও অনিরুদ্ধর গল্প 'ও মোর দরদিয়া'। পেয়েছে ৫.৪ নম্বর। এবার ষষ্ঠ স্থানে চমক দেখালো নতুন ধারাবাহিক 'গঙ্গা'। যদিও শুরু থেকেই দর্শকের মন জয় করেছে সাহেব ও হিয়ার জুটি। চলতি সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৫.৩। সপ্তমে ৫.২ পেয়ে আছে 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি'। এই ধারাবাহিক শুরুর দিকে ভাল ফল করলেও এখন টিআরপির প্রথম পাঁচে জায়গা পায় না।
অষ্টমে আছে জি বাংলার 'কুসুম'। এখন টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে এই ধারাবাহিকে। এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৯। নবমে ৪.৭ পেয়ে আছে 'লক্ষ্মী ঝাঁপি'। ঝাঁপির অন্তঃসত্ত্বা হওয়ার ট্র্যাক সেভাবে জায়গা করতে পারেনি দর্শক মহলে। দশমে ৪.৫ পেয়ে রয়েছে 'কনে দেখা আলো'।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে নম্বরের অনুপাতে ভালই ফল করেছে স্টার জলসা ও জি বাংলার ধারাবাহিক। খুব কম ব্যবধানেই লড়াই চলেছে। তবে আগামীতে আসছে আরও কয়েকটি মেগা। কয়েকটি ধারাবাহিকের সম্প্রচারের সময় ঘোষণা হয়েছে। ফলে ওলটপালট হয়েছে পুরনো মেগার টাইম স্লট। নতুন ধারাবাহিক এলে টিআরপির লড়াইয়ে কতটা বদল আসে, এখন সেটাই দেখার।















