'বাংলা সেরা'র দৌড়ে ফের সবাইকে পিছনে ফেলে এগিয়ে এসেছে 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি'। বিদ্যার দাপটে এবারও এক নম্বরে জায়গা করেছে এই ধারাবাহিক। ৬.৭ পেয়ে টিআরপির প্রথম স্থানে এই মেগা। এখন বিদ্যা ও রাজরীতের দাম্পত্যের শুরু নিয়ে এগোচ্ছে গল্প। রাজরীত বিদ্যাকে ভালবাসলেও বিদ্যা এখনও পর্যন্ত তাকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। দু'জনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে দারুণ জমেছে পর্বগুলো। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার 'পরিণীতা'। চলতি সপ্তাহে ৬.৬ নম্বর পেয়েছে এই মেগা। এখন গল্পে দেখানো হচ্ছে ডিভোর্সের আগে পারুল ও রায়ানকে স্বামী-স্ত্রীর মতো বিচারক একসঙ্গে থাকার নির্দেশ দিয়েছে। এতেই মাথায় বাজ পড়েছে তাদের। একসঙ্গে থাকতে গিয়ে কি এবার একে অপরকে মনের কথা বলে ফেলবে? এই উত্তরের অপেক্ষায় দর্শক। 

খানিকটা নম্বর কমেছে 'পরশুরাম আজকের নায়ক'-এর। ৬.৪ পেয়ে এবার তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। এদিকে, পরশুরামের পরিচয় জেনে গিয়েছে তটিনী। কিন্তু তটিনীর আসল পরিচয় এখনও অধরা পরশুরামের কাছে। এই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব দেখতে শুরু থেকেই বেশ পছন্দ করেন দর্শক। চতুর্থ স্থান এবারও হাতছাড়া হয়নি 'রাঙামতি তীরন্দাজ'‌‌-এর। এখন ভীনদেশে পৌঁছেও নিজের বুদ্ধিতে বাজিমাত করছে রাঙা‌। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। ৫.৭ নম্বর পেয়ে এবার পঞ্চম স্থানে রয়েছে 'ও মোর দরদিয়া'। বাণী ও অনিরুদ্ধর জীবনের টানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে এই ধারাবাহিকের গল্প। 


ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার অদ্বিতীয়া ও গোরার গল্প, অর্থাৎ 'তারে ধরি ধরি মনে করি'। এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৫.৪। ৫.২ পেয়ে সপ্তমে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি'। দীপ-ঝাঁপির ভুল বোঝাবুঝিতে জমে উঠেছে ধারাবাহিকের পর্ব। ৫.১ পেয়ে অষ্টমে রয়েছে 'জোয়ার ভাঁটা'। এই মেগার প্রতিটি পর্বেই যেন রহস্যের ছাপ। তাই দর্শকের চর্চায় থাকে ঋষি-উজি ও নিশার গল্প। এবার নবমে 'চিরদিনই তুমি যে আমার'। প্রাপ্ত নম্বর ৪.৯। দশমে রয়েছে জোড়া ধারাবাহিক। ৪.৮ পেয়ে যৌথভাবে এই স্থানে আছে 'বেশ করেছি প্রেম করেছি' ও 'আমাদের দাদামণি'।

প্রসঙ্গত, গত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার ধারাবাহিকই রেটিং চার্টে নিজেদের জায়গা ধরে রাখছিল। সেই তুলনায় জি বাংলার ধারাবাহিকের নম্বর বেশ খানিকটা কমেছিল। কিন্তু এবার স্টার জলসার পাশাপাশি জি বাংলার বেশ কিছু ধারাবাহিক নিজেদের জায়গা ফিরে পেয়েছে। প্রথম স্থানে যেমন চমক আছে, তেমন এক থেকে দশেও দুটি চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক মিলেমিশে রয়েছে। আগামীতে আসছে আরও নতুন ধারাবাহিক, টিআরপি-র দৌড়ে কতটা টিকে থাকে তারা, সেটাই দেখার।