নিজস্ব সংবাদদাতা: আবারও বড়সড় রদবদল এই সপ্তাহের টিআরপি লিস্টে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সবাইকে হারিয়ে জয় হল 'ফুলকি'র। ৬.৮ নম্বর পেয়ে বাংলা সেরার তকমা পেল জি বাংলার 'ফুলকি'। পরপর দু'সপ্তাহ বাংলা সেরার খেতাব জিতেছিল 'নিম ফুলের মধু'। পর্ণার স্মৃতি হারানোর টুইস্ট মন ভোলাতে পারল না দর্শকের। তাই ৬.৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করল 'নিম ফুলের মধু'। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'গীতা এল এল বি'। ৬.৬ নম্বর পেয়ে টিআরপি লিস্টে নিজের জায়গা ধরে রাখল এই ধারাবাহিক। 'গোবর দেবী' আর 'কলকাতার শেফ'-এর জুটি বরাবরের মতো মনে ধরেছে দর্শকের। ৬.৪ নম্বরে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। এক সময়ের 'বাংলা সেরা' ধারাবাহিক জি বাংলার 'জগদ্ধাত্রী' এবারও নিজের জায়গা ধরে রাখতে পারল না। ধারাবাহিকের কোনও টুইস্টই মন জয় করতে পারছেনা দর্শকের। ৬.২ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। এখনও দর্শকের ভালবাসা পাচ্ছেন 'জগদ্ধাত্রী', কিন্তু টিআরপি লিস্টে সেই ছবি ধরা পড়ছে না।
ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৪। ৫.০ নম্বরে সপ্তম স্থান দখল করল স্টার জলসার নতুন ধারাবাহিক 'উড়ান'। অষ্টম স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসার দু'টি ধারাবাহিক 'বঁধুয়া' ও 'জল থইথই ভালবাসা'। তাদের প্রাপ্ত নম্বর ৪.৯। ৪.৮ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে 'রোশনাই'। দশম স্থান একসঙ্গে দখল করল জি বাংলার দু'টি ধারাবাহিক 'আলোর কোলে' ও 'মিঠিঝোরা'। তাদের প্রাপ্ত নম্বর ৪.৫।
















