‘শোলে – দ্য ফাইনাল কাট’ আবার ফিরছে বড়পর্দায়। ১৯৭৫ সালের এই ঐতিহাসিক ছবির সম্পূর্ণ রিস্টোর করা ৪কে ভার্সন ১২ ডিসেম্বর ২০২৫-এ সারা দেশের ১,৫০০ পর্দায় মুক্তি পেতে চলেছে। ছবির ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রথমবার দর্শকরা দেখতে পারবেন সেই অরিজিনাল এন্ডিং, যা এতদিন কখনও দেখানো হয়নি। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, জয়া বচ্চন, সঞ্জীব কুমার এবং আমজাদ খান অভিনীত এই কাল্ট ক্লাসিক এ বছর ১৫ আগস্ট নিজেদের ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন ছবিটিকে নতুন করে ৪কে-তে রিস্টোর করেছে এবং প্রথমবার দর্শকরা দেখতে পাবেন ছবির অরিজিনাল ক্লাইম্যাক্স।

এই দৃশ্যটির আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে। কারণ রমেশ সিপ্পি যে ক্লাইম্যাক্সটি প্রথমে শুট করেছিলেন, তা ১৯৭৫ সালের ইমারজেন্সি চলাকালীন সেন্সর বোর্ড আটকে দেয়। বোর্ডের আপত্তি ছিল—দৃশ্যটি নাকি অত্যধিক সহিংস। সেই ক্লাইম্যাক্সে দেখা যেত, ঠাকুর (সঞ্জীব কুমার) স্পাইক লাগানো জুতো পরে গব্বর সিংহকে (আমজাদ খান) হত্যা করছেন। পরে ছবির জন্য নতুন, নরম এন্ডিং যোগ করা হয়।
৫০ বছর পর এবারই প্রথম সেই মূল ক্লাইম্যাক্স বড়পর্দায় দেখানো হবে।

সিপ্পি ফিল্মস সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, “ ‘শোলে: দ্য ফাইনাল কাট’ ডিসেম্বর ১২, ২০২৫ থেকে হলে। প্রথমবার দেখা যাবে সম্পূর্ণ আনকাট ভার্সন। ছবির পুনরুদ্ধার করা ঝকঝকে সংস্করণটি রিস্টোর করা হয়েছে ফোর কে ফোর কে (4K) এবং ডলবি ৫.১ (Dolby 5.1)-এ।”
ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনও জানিয়েছে, “দীর্ঘ প্রতীক্ষার পর এবার দর্শকের সামনে খুলে যাচ্ছে ছবির লুকোনো অধ্যায়।” ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন আরও লিখেছে, “রিস্টোর করা কোনও ছবির জন্য এটাই সবচেয়ে বড় রিলিজ। ৫০ বছর পর ভারতীয় সিনেমার সবচেয়ে আইকনিক ছবিটি আবার বড়পর্দায় ফিরছে।”
ছবির চিত্রনাট্যকার সেলিম খান এবং জাভেদ আখতার বহুবার বলেছেন, মূল গল্পে ঠাকুর (সঞ্জীব কুমার) তাঁর কাঁটাওয়ালা জুতো দিয়ে গব্বর সিংহকে (আমজাদ খান) হত্যা করতেন। কিন্তু যেহেতু শোলে জরুরি অবস্থার সময় মুক্তি পেয়েছিল, সেন্সর বোর্ড নির্মাতাদের সেই দৃশ্য বদলাতে বাধ্য করে। ফলে সিনেমা হলে দর্শক যেটা দেখেছিলেন, ঠাকুর গব্বরকে প্রচণ্ড মারধর করলেও শেষমেশ তাঁকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ এসে ঠাকুরকে আইন নিজের হাতে না তুলে নিতে অনুরোধ করে। এই পুনর্মুক্তির আগে শোলে এ বছর টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। সেখানে নতুন প্রজন্মের দর্শক ও আন্তর্জাতিক সমালোচকদের কাছ থেকে ছবিটি আবার বড় প্রশংসা পায়।
অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, হেমা মালিনী, সঞ্জীব কুমার ও আমজাদ খানের মতো তারকারা অভিনীত শোলে এখনও ভারতীয় সিনেমার সবচেয়ে প্রভাবশালী ছবিগুলির একটি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তির পর থেকেই শোলে ভারতীয় পপ-কালচারে বিচ্ছিন্ন অংশ হয়ে ওঠে। ছবির সংলাপ, দৃশ্য, চরিত্র - এখনও মানুষের দৈনন্দিন কথোপকথনের অংশ। সংলাপ থেকে চরিত্র সবকিছুই আজও প্রথম দিনের মতোই সমান জনপ্রিয়।
প্রায় পাঁচ দশক পর দর্শকরা এবার প্রথমবার দেখতে পাবেন সেই শেষ দৃশ্য, যা এতদিন শুধু আলোচনা ও কৌতূহলের বিষয় ছিল।
















