ব্যক্তিগত হোক বা পেশাগত জীবন, সব সময় সবকিছু নিয়ে খোলামেলা কথা বলতেই পছন্দ করেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কেরিয়ারের শুরুর দিকে একাধিক ছবির সুযোগ হাতছাড়া হয়েছিল তাঁর। কারণ হিসেবে তিনি ইঙ্গিত করেছেন, কিছু ক্ষেত্রে নায়কের আপত্তির জন্যই তাঁকে ছবিতে নেওয়া হয়নি।


তাপসীর কথায়, বলিউডে এখনও অনেক সময় ছবির নায়কই বড় সিদ্ধান্ত নেন। যদি কোনও জনপ্রিয় নায়ক কোনও বিশেষ অভিনেত্রীর সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ্য না হন, তাহলে প্রযোজকরা সেই মতামতকেই গুরুত্ব দেন। আর এই কারণেই কয়েকটি বড় প্রজেক্ট থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। যদিও তিনি কোনও ছবির নাম প্রকাশ করেননি, তবে বিষয়টি তাঁর কেরিয়ারে যে প্রভাব ফেলেছিল, তা স্পষ্ট।

 

তাপসী আরও বলেন, “আমি শাহরুখ স্যারের নিয়মিত জুটি নই। তাই হয়তো আমাকে বাদ দেওয়া সহজ ছিল।” বলিউডে অনেক সময় নির্দিষ্ট নায়ক-নায়িকার জুটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ফলে প্রযোজকেরা বারবার সেই জুটিকেই নিতে চান। নতুন বা আলাদা কাউকে নেওয়ার ক্ষেত্রে তখন দ্বিধা তৈরি হয়। 

 
তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'ডাঙ্কি' ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তাপসী। ছবিটি পরিচালনা করেন রাজকুমার হিরানি।।সেই ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়োয়। বড় ব্যানারের ছবিতে নিজের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হন নায়িকা। তাঁর মতে, শুরুতে এই অভিজ্ঞতা কষ্টের ছিল। তবে তিনি ভেঙে না পড়ে নিজেকে আরও শক্ত করে তুলেছেন। সবসময় এমন চরিত্র বেছে নিতে চান, যেখানে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ এবং গল্পে তাঁর উপস্থিতি আলাদা গুরুত্ব পায়। তাপসী বিশ্বাস করেন, শুধুমাত্র নায়কের ছায়া হয়ে নয়, নিজের যোগ্যতায় জায়গা করে নেওয়াই আসল সাফল্য।


বর্তমানে বলিউডে নারী-কেন্দ্রিক ছবির সংখ্যা বাড়ছে। জোরদার মহিলা চরিত্রের চাহিদাও বেড়েছে। তাপসীর মনে করেন, ইন্ডাস্ট্রি ধীরে ধীরে বদলাচ্ছে এবং অভিনেত্রীরাও এখন বেশি সুযোগ পাচ্ছেন নিজেদের প্রতিভা দেখানোর। বাধা পেরিয়ে নিজের লড়াই চালিয়ে যাওয়াই তাঁর কেরিয়ারের মূল মন্ত্র।