অবশেষে কৌতূহলের অবসান। প্রকাশ্যে এল ‘ভোলে বাবা পার করেগা’র নতুন নায়িকার পরিচয়। প্রোমো জুড়ে যিনি ছিলেন আড়ালে, তিনি শ্বেতা মিশ্র। স্টার জলসার এই ধারাবাহিকে এবার মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে, আর তাঁর আগমনেই গল্পে আসতে চলেছে নতুন মোড়।

পরিবর্তিত হয়েছে সম্প্রচারের সময়, পাশাপাশি গল্পের মোড় ঘোরাতে আসছে নতুন মুখও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। সেখানে দেখা মিলেছে রাহুল অরুণোদয় ব্যানার্জির। ফলে স্পষ্ট যে, ধারাবাহিকের নতুন অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন তিনি। নায়ক সিদ্ধার্থ সেন। তাঁর বিপরীতেই দেখা যাবে শ্বেতাকে।

বড়পর্দায় ‘প্রেম টেম’ ছবির হাত ধরেই দর্শকের নজরে আসেন শ্বেতা। সেখান থেকে ছোটপর্দায় পা রেখে ‘ধুলোকণা’ ও ‘ইচ্ছে পুতুল’-এর মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এতদিন মুখ্য ভূমিকায় দেখা যায়নি তাঁকে। অবশেষে সেই অপেক্ষার অবসান। নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে সুযোগ পেয়ে কেরিয়ারের আরও এক ধাপ এগিয়ে গেলেন শ্বেতা।

কয়েক দিন আগে নীল ভট্টাচার্য তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি তাৎপর্যপূর্ণ ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে ‘সাক্ষ্য’র লুকের পরিচিত চশমা। গ্রিনরুম থেকে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শেষবারের জন্য। ডক্টর সাক্ষ্য চ্যাটার্জির পথ চলা শেষ হচ্ছে।’ এই পোস্ট ঘিরেই জোরালো হয়েছিল তাঁর ধারাবাহিক থেকে সরে যাওয়ার জল্পনা।

বিয়ের পর থেকে মধুমিতা সরকারকে আর এই ধারাবাহিকে দেখা যাবে না, এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল। অভিনেত্রীর তরফে যদিও এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। নীলের পোস্টে কার্যত সেই জল্পনাতেই শিলমোহর পড়েছে বলে মনে করছিলেন অনেকে। এবার নতুন মুখেদের আগমনে যাবতীয় জল্পনা কাটল। সময় বদলের সঙ্গেই যে ধারাবাহিকেও আসছে বড় পরিবর্তন, তা আর বুঝতে বাকি নেই দর্শকের।

মাস কয়েক আগেই শুরু হয়েছিল ‘ভোলে বাবা পার করেগা’। ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ নীল ও মধুমিতাকে মুখ্য ভূমিকায় নিয়ে শুরুটা ছিল যথেষ্ট আশাব্যঞ্জক। কিন্তু প্রত্যাশা অনুযায়ী দর্শকমনে সেভাবে দাগ কাটতে পারেনি ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও উল্লেখযোগ্য স্থান করে নিতে ব্যর্থ হয়েছে।

এবার গল্পে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। নতুন সময়, নতুন মুখ এবং সম্ভাব্য নতুন মোড়, সব মিলিয়ে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। প্রশ্ন একটাই, এই পালাবদল কি ধারাবাহিকের ভাগ্য ঘুরিয়ে দিতে পারবে? দর্শকের মন জয় করে টিআরপি তালিকায় কি ফিরবে ‘ভোলে বাবা পার করেগা’? উত্তর দেবে সময়।