বহু দিন ধরে টলিউডে বিশ্বাস ব্রাদার্সদের নিয়ে ছিল ভূরি ভূরি ক্ষোভ। এতদিন ইন্ডাস্ট্রিতে যার দাপটে রীতিমতো তারকা থেকে কলাকুশলী, সকলকেই জুলুমবাজির শিকার হতে হয়, বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন সেই স্বরূপ বিশ্বাস। টালিগঞ্জের প্রাক্তন বিধায়কের ভাইকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ।
স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির খবর পেতেই দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের একাংশ। তবে ফেডারেশনের বিরুদ্ধে আগাগোড়া অনেক তারকাই সোচ্চার হয়েছিলেন। যাদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র।
স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীলেখা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, একজন ব্যক্তির গ্রেফতারিতে তিনি উচ্ছ্বসিত নন। বরং তাঁর মতে, সমস্যার শিকড় আরও গভীরে। সেই সিস্টেমে, যা এমন ক্ষমতাবান ব্যক্তিত্ব তৈরি করে এবং দীর্ঘদিন ধরে তাদের টিকিয়ে রাখে।
ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, “শুধু স্বরূপকে দোষ দিলে হবে না। দোষ দিতে হবে সেই ব্যবস্থাকে, যা এমন ‘স্বরূপবাদ’-এর জন্ম দেয়।” তাঁর বক্তব্য, একজনকে গ্রেফতার করা হলেও একই মানসিকতা ও ক্ষমতার অপব্যবহার চলতে থাকলে নতুন করে আরও অনেকে সেই জায়গা দখল করবে। তাই শুধু একজনকে আইনের মুখোমুখি করলেই সমস্যার সমাধান হবে না।
পোস্টে শ্রীলেখা নিজের এক পুরনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, একসময় স্বরূপ বিশ্বাসকে নিয়ে মাত্র একটি মন্তব্য করার জন্য তাঁকে প্রকাশ্যে আক্রমণের মুখে পড়তে হয়েছিল। সেই ঘটনার কথা এখনও তাঁর মনে আছে। তিনি লেখেন, “কেউ একদিনে স্বরূপ হয়ে ওঠে না, সিস্টেমই তাকে সেটা বানায়।” সেই প্রসঙ্গ টেনে তিনি জানতে চান, যাঁরা একসময় স্বরূপের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর গ্রেফতারির খবরে তাঁরা আজ দুঃখিত নাকি খুশি? শ্রীলেখা জোর দিয়েছেন, দায়বদ্ধতা ও আত্মসমালোচনার উপর। তাঁর মতে, সমাজ ও শিল্পমহল নিজেদের বদলাতে না পারলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে।
প্রসঙ্গত, এদিন শুধু শ্রীলেখা নয়, ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী, জয়ব্রত দাস সহ আরও অনেকে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন টলিপাড়ার তারকারা।
'
















