টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কত কোটির মালিক সুস্মিতা সেন?
বিনোদন জগতে কোনো 'গডফাদার' ছাড়াই স্রেফ নিজের মেধা ও পরিশ্রমে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। 'সিঙ্গেল মাদার' হিসেবে দুই মেয়েকে মানুষ করার পাশাপাশি তিনি ব্যবসায়িক ক্ষেত্রেও সমান সফল। বর্তমানে এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। মুম্বইয়ের অভিজাত বারসোভা এলাকায় রয়েছে সুস্মিতার এক দারুণ অ্যাপার্টমেন্ট। তবে এই বাড়িটি কেবল জাঁকজমকের নয়, বরং শিল্পমনস্কতার এক অনন্য নিদর্শন। খুব কম মানুষই জানেন, সুস্মিতা নিজে একজন চমৎকার চিত্রশিল্পী। ২০০৬ সালে তাঁর একটি ছবি চ্যারিটির জন্য ২৫ লাখ টাকায় বিক্রি হয়েছিল। গাড়ির প্রতি সুস্মিতার ভালবাসা বহু পুরনো। ২০২৩ সালে তিনি নিজের সংগ্রহে যোগ করেছেন প্রায় ১.৬৩ কোটি টাকার মার্সিডিজ-এএমজি জিএলই ৫৩ কুপে। অভিনয়ের পাশাপাশি গয়নার ব্যবসাতেও তাঁর বড় বিনিয়োগ রয়েছে।
ভাইরাল ঐশ্বর্য-অক্ষয়ের রোম্যান্স
প্রায় দু'দশক পার হয়ে গেলেও পরিচালক সুভাষ ঘাইয়ের কালজয়ী মিউজিক্যাল ড্রামা 'তাল'-এর জনপ্রিয়তা আজও বিন্দুমাত্র কমেনি। ১৯৯৯ সালের এই ব্লকবাস্টার ছবির গান আর অনস্ক্রিন জুটি আজও সিনেপ্রেমীদের মনের মণিকোঠায় টাটকা। সম্প্রতি সমাজমাধ্যমে এই নস্টালজিয়া নতুন করে উস্কে দিয়েছে একটি পুরোনো ভিডিও। যেখানে আমেরিকার মায়ামিতে আয়োজিত এক স্টেজ শো-তে ছবির টাইটেল ট্র্যাক ‘তাল সে তাল মিলা’ গানে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই এবং অক্ষয় খান্নাকে। ভাইরাল এই ক্লিপটিতে নব্বইয়ের দশকের শেষের দিকের সেই চেনা রসায়ন নতুন করে ধরা পড়েছে, যা দেখে মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকরাও।
ফের বিস্ফোরক শিল্পা
টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডেকে নিয়ে শোরগোল বিনোদন জগতে। প্রায় এক দশক আগে ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হেনস্থার যে অভিযোগ তিনি এনেছিলেন, সম্প্রতি তা সম্পূর্ণ মিথ্যা বলে স্বীকার করেছেন অভিনেত্রী। যদিও পরে তিনি জানিয়েছিলেন নিরুপায় হয়েই নাকি তিনি এই মিথ্যে মামলার পথ বেছে নিয়েছিলেন। শিল্পার এই বিস্ফোরক স্বীকারোক্তির পরেই ফুঁসে উঠেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তবে এই বিতর্কের মাঝেই সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও শেয়ার করেছেন ‘অঙ্গুরি ভাবি’ খ্যাত এই অভিনেত্রী। সেখানে ক্যাপশনে তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'যা করার করে নাও।' এই পোস্টের পর নেটিজেনদের একাংশের ধারণা, কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সত্ত্বেও নিজের অবস্থানে অনড় থেকে সমালোচকদের একপ্রকার চ্যালেঞ্জই ছুড়ে দিলেন শিল্পা।















