বাংলা টেলিভিশন জগতে পরিচিত নাম টেন্ট সিনেমা। এই প্রযোজনা সংস্থার কর্ণধার সুশান্ত দাস। বহু বছর ধরেই ইন্ডাস্ট্রিতে তাঁর ধারাবাহিক নিয়ে চর্চা চলে। টিআরপির প্রথম দশে দেখা যায় তাঁর প্রযোজিত মেগা। এবার সুশান্ত দাসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন বাংলা ইন্ডাস্ট্রির এক অভিনেত্রী, সুকন্যা দত্ত গুহ। প্রথমে সমাজমাধ্যমে প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তিনি। পরবর্তীতে ন্যাশনাল কমিশন ফর উইমেন-এর দ্বারস্থ হয়েছেন সুকন্যা। 

আজকাল ডট ইন-কে সুকন্যা বলেন, "প্রায় আট বছর ধরে বিভিন্নভাবে আমায় ও আমার পরিবারকে হেনস্থা করছেন সুশান্ত দাস। ওঁর প্রযোজনায় দীপ জ্বেলে যাই ধারাবাহিকে কাজ করতাম। তখন আমায় কুপ্রস্তাব দিয়ে বলেছিলেন, যদি রাজি না হই, তাহলে সিনটা বাদ দিয়ে দেবে। আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। তবুও শিল্পের মর্যাদা করেছি, রাজি হইনি। বাদ যায় আমার সিনটা, শুধু একটা পাসিং শট গিয়েছিল। আর এরপর থেকেই শুরু হয় অনাচার।" 

সুকন্যা আরও বলেন, "আমার বাবাকে বারবার বলতেন মেয়েকে ভাল সুযোগ করিয়ে দেব। আর আমায় দিনের পর দিন শারীরিক, মানসিক হেনস্থার শিকার হতে হয়েছে। এত বছর মুখ বুঝে ছিলাম। কারণ মফস্বলের মেয়ে আমি, বাবা-মা ভয় পেয়েছিল, যদি আমার কোনও ক্ষতি হয়ে যায়! কিন্তু এখন আমার স্বামী সবটা শুনে মনে জোর দিয়েছে, আমার চার মাসের সন্তানের মুখ চেয়ে আজ প্রতিবাদ করেছি। এর শেষ দেখে ছাড়ব।"

সুকন্যার কথায়, "শুনতে পাচ্ছি, উনি প্রভাব খাটিয়ে আমায় দমিয়ে দিতে চাইছেন। আমার অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে সেদিন ফেসবুকে পোস্ট করার পর থেকে প্রায় ১২ বার আমার বাবাকে কেন ফোন করেছেন? পোস্ট ডিলিট করে দেওয়ার কথাও বলেছেন। একপ্রকার হুমকি দিয়েছেন আমার বাড়ির লোকদের। আর চুপ করে থাকব না। মহিলা কমিশনের কাছে সমস্ত প্রমাণ দিয়ে অভিযোগ করেছি। আমার কেরিয়ার পর্যন্ত শেষ করে দিয়েছেন, আর কীসের ভয়?"

সুকন্যার অভিযোগকে কেন্দ্র করে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল‌ সুশান্ত দাসের সঙ্গেও। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন। বড় পদক্ষেপ নিতে চলেছেন বলেও জানিয়েছেন তিনি।