সানি লিওনি বরাবরই সন্তানদের লালন-পালন নিয়ে বেশ সচেতন। তবে এবার তাঁর বড়মেয়ে নিশা যা করে দেখিয়েছে, তাতে নেটদুনিয়ায় রীতিমতো ধন্য ধন্য পড়ে গিয়েছে। মাত্র ১০ বছর বয়সেই নিশা একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করেছে এবং তার তৈরি একটি বিশেষ পণ্যের পেটেন্টও পেয়েছে। এই ছোট্ট বয়সেই নিজের বুদ্ধি দিয়ে সে রীতিমতো আয় করা শুরু করেছে।
সম্প্রতি ফারহা খানের ইউটিউব ভ্লগে এসে সানি তাঁর মেয়ের এই কৃতিত্বের কথা ভাগ করে নেন। সানি জানান, নিশা একটি বিশেষ ধরনের বক্স তৈরি করেছে যার নাম রাখা হয়েছে 'বু বক্স'। এটি মূলত একটি টিস্যু রাখার জায়গা। যারা ধুলোবালির কারণে অ্যালার্জিতে ভোগেন, বিশেষ করে মুম্বইয়ের মতো শহরে যাদের ঘনঘন টিস্যু ব্যবহার করতে হয়, তাদের কথা ভেবেই নিশা এটি বানিয়েছে। সানি জানান, নিশা নিজেই সব সময় সর্দি-কাশিতে ভুগত এবং ঘরের যেখানে সেখানে টিস্যু ফেলে রাখত। একদিন সানি তাকে বকুনি দিলে নিশা জেদ করে একটি টিস্যু বক্সের গায়ে আঠা দিয়ে একটি প্লাস্টিকের কাপ জুড়ে দেয়, যাতে ব্যবহৃত টিস্যু সেখানেই ফেলা যায়।
মজার ছলে শুরু হওয়া সেই ভাবনাটিকেই পরে পেশাদার রূপ দেওয়া হয়। সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার মেয়ের এই প্রতিভাকে গুরুত্ব দিয়ে সেটির পেটেন্ট করান। বর্তমানে এই ‘বু বক্স’ বাজারে ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এবং এর থেকে হওয়া লভ্যাংশ সরাসরি নিশার অ্যাকাউন্টে যাচ্ছে। সানি মজা করে বলেন, নিশার এই রোজগার দেখে তাঁর দুই ছেলে এখন থেকেই বেশ ঈর্ষান্বিত। তারা ভাবছে দিদি বড় হয়ে অনেক বড়লোক হয়ে যাবে।
২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুর থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি ও ড্যানিয়েল। তারপর থেকে সানির ছায়াসঙ্গী হয়েই বড় হয়েছে সে। সানির মতে, নিশা খুবই মেধাবী এবং ছোট থেকেই কিছু না কিছু তৈরি করার নেশা তার মধ্যে রয়েছে। বর্তমানে নিশার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
