ছেলে ইউভানের আবদারে শুভশ্রী গাঙ্গুলি ছেলেকে নিয়ে দুবাইতে ঘুরতে গিয়েছিলেন৷ বেড়ানোর পরিবর্তে ঘটল আচমকা বিপদ৷ দুবাইতে গিয়ে আটকে পড়েছিলেন অভিনেত্রী৷ ইরান-ইজরায়েল হামলার কারণে দুবাইতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এতদিন ফিরতে পারেননি শুভশ্রী৷

বিমানবন্দরে শুভশ্রীকে স্বাগত জানাতে উপস্থিত পরিচালক রাজ চক্রবর্তী।  বাবার সঙ্গে ছোট্ট ইয়ালিনিও হাজির। এতদিন পরে মাকে দেখতে পেয়ে খুশি ইয়ালিনি৷ কোলে উঠেই দু'হাতে গলা জড়িয়ে ধরল মায়ের৷ শুভশ্রীও স্বামী রাজ এবং  মেয়ে ইয়ালিনিকে জড়িয়ে ধরলেন৷

মেয়ে ঘরে ফিরতেই স্বস্তি গাঙ্গুলি পরিবারে৷ চিন্তামুক্ত পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীও৷ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভশ্রী বলেন, সকলকে ধন্যবাদ৷ সকলের ভালবাসা, সকলের সমর্থন ওউ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে আর আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে৷ ধন্যবাদ সকলকে৷ ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল৷ আমি সত্যিই বিধ্বস্ত।  সকলে ভাল থাকবেন৷

ছেলের পরীক্ষা শেষ তাই ছুটি কাটাতে কয়েকদিনের জন্য দুবাই গিয়েছিলেন শুভশ্রী৷ কিন্তু ঘুরতে গিয়ে যে অভিজ্ঞতা হল তা 'ভীষণ ভয়াবহ' বলেই জানিয়েছেন শুভশ্রী৷ অভিনেত্রী ছেলেকে নিয়ে যে হোটেলে ছিলেন তার আশেপাশেও বিস্ফোরণ হয়েছে৷ যদিও দুবাইয়ের প্রশাসনিক সহযোগিতায় অভিনেত্রী ছেলের সঙ্গে নিরাপদেই ছিলেন৷