সোমবার হরিয়ানা পুলিশ জানায়, র‍্যাপার বাদশার  বিতর্কিত গান 'টিট্টরী'(Tateeree) -এর সঙ্গে যুক্ত মোট ৮৫৭টি লিঙ্ক ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে। আইনসম্মত উপায়ে এই সব ভিডিও সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ৷ 


৬ মার্চ পঞ্চকুলায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল, যেখানে অভিযোগ করা হয় যে বাদশা তাঁর সাম্প্রতিক মিউজিক ভিডিও টিট্টরি-তে আপত্তিকর শব্দ এবং দৃশ্যের ব্যবহার করেছেন।


হরিয়ানা পুলিশ জানিয়েছে, এই “আপত্তিকর গান”-এর বিরুদ্ধে তাঁরা কঠোর পদক্ষেপ করেছেন৷  ডিজিটাল প্ল্যাটফর্মজুড়ে কঠোর পদক্ষেপ করা হচ্ছে। পুলিশের বিবৃতি অনুযায়ী, এখন পর্যন্ত ৮৫৭টি লিঙ্ক সরানো হয়েছে—যার মধ্যে রয়েছে ১৫৪টি ইউটিউব ভিডিও এবং ৭০৩টি ইনস্টাগ্রাম রিল।
পুলিশ আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে নোটিস পাঠানো হয়েছে, যাতে গানটির সব সংস্করণ—রিঅপলোড, শর্ট ভিডিও এবং অন্যান্য ভিডিও দ্রুত সরিয়ে ফেলা হয়। 

নারীদের ও অপ্রাপ্তবয়স্কদের সম্পর্কে অবমাননাকর উল্লেখ থাকায় আপত্তিকর এই ভিডিওকে সরিয়ে ফেলা হল৷ হরিয়ানা পুলিশের ডিজিপি বলেন, নারীদের ও অপ্রাপ্তবয়স্কদের মর্যাদাকে খর্ব করে এমন কোনও আপত্তিকর বিষয় মান্যতা পাবে না৷ এসব ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উপর নজরদারি আরও জোরদার করা হয়েছে। হরিয়ানা সরকার একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন পুলিশ৷ 

 নিষিদ্ধ গান ব্যবহার করে কেউ যদি রিল, শর্টস বা অন্য কোনও ভিডিও তৈরি বা শেয়ার করেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, এই সতর্কতাও রয়েছে পুলিশের তরফে।

১৯ মার্চ পুলিশ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে জানায়, আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, যিনি বাদশা নামে পরিচিত, এই মামলার তদন্তে তাঁকে ডাকা হয়েছে৷  বাদশা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে জানান, তাঁর নতুন গানটি কারও অনুভূতিতে আঘাত করে থাকলে তিনি দুঃখিত।