টানা এক ঘণ্টা ধুন্ধুমার অ্যাকশনে জমবে স্টার জলসা। 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি', দুই ধারাবাহিকে আসছে টানটান মোড়। আর সেই বিশেষ পর্ব দু'টির প্রোমো প্রকাশ্যে এল। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আর আলাদা আলাদা নয়, এবার এক সঙ্গে লড়াইয়ের ময়দানে নামবে তটিনী এবং পরশুরাম। দুজনের শত্রু এক। বরের কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুকে দমন করবে তটিনী। আর স্ত্রীর এই রণং দেহী রূপ দেখে, ধুন্ধুমার অ্যাকশনে মুগ্ধ হয় পরশুরাম। নতুন করে প্রেমে পড়ে। 

অন্যদিকে আর পালিয়ে যাওয়া নয়, এবার শ্বশুর বাড়িতে এন্ট্রি নিতে চলেছে বিদ্যা। পাশে থাকবে রাজরীত, স্ত্রীকে দেবে বাড়ির বউয়ের সম্মান। নায়িকাও এবার নিজের অধিকার বুঝে নিতে বদ্ধপরিকর। বরের সঙ্গে শ্বশুর বাড়ি আসে সে। তাকে দেখে শাশুড়ি বরণ করতে এগিয়ে এলে শ্বশুর তাতে বাধা দেয়। উল্টে ফেলে দিতে যায় বরণ ডালা। কিন্তু সেটা আটকে দেয় নায়িকা। এবার কোন খাতে বইবে তার জীবন সেটাই দেখার। 

প্রসঙ্গত, ১৪ এবং ১৫ মার্চ, অর্থাৎ শনি এবং রবিবার পরপর দু'দিন এই দুই ধারাবাহিকের টানটান মোড় দেখানো হবে। টানা এক ঘণ্টা চলবে অ্যাকশন সিকোয়েন্স। রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত চলবে এই সম্প্রচার। 

https://www.instagram.com/reels/DV0OTgvlchT/

প্রসঙ্গত, চলতি সপ্তাহে টিআরপি তালিকার এক নম্বর স্থান থেকে ছিটকে গিয়েছে 'পরশুরাম আজকের নায়ক'। নেমে এসেছে তিন নম্বরে। অন্যদিকে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' আরও নিচে নেমে গিয়েছে। সেরা পাঁচ থেকে ছিটকে বেরিয়ে, ছয় নম্বর স্থান দখল করেছে। ফলে বোঝাই যাচ্ছে, স্টার জলসার এই দুই জনপ্রিয় ধারাবাহিক মরিয়া হারানো স্থান ফিরে পেতে। 

এই প্রোমো প্রকাশ্যে আসতেই মুগ্ধ দর্শক। যদিও কেউ আবার জানিয়েছেন পরশুরাম যে আন্ডারকভার এজেন্ট সেটা জানিয়ে দেওয়ায় ধারাবাহিকের মজা নষ্ট হয়ে গিয়েছে। আগে একটা টানটান ব্যাপার ছিল। 

প্রসঙ্গত, 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুকে দেখা যাচ্ছে। সদ্যই এই ধারাবাহিক এক বছর পূর্ণ করল। অন্যদিকে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন স্বস্তিকা দত্ত। তাঁর বিপরীতে রয়েছেন অর্ণব।