'মা' ধারাবাহিকের হাত ধরে পথ চলা শুরু হয়েছিল তাঁর। মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর। বর্তমানে তিনি বাংলার ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ। অগুনতি ভক্ত তাঁর। বিগত ১৭ বছর ধরে তিনি নানা চরিত্র দর্শকদের উপহার দিলেও, সকলের কাছে তিনি 'ঝিলিক' হয়েই থেকে গিয়েছেন। এখন যদিও তাঁকে অনেকেই আবার 'পুতুল' বলেই চেনেছেন। পর্দার নাম যা-ই হোক, কথা হচ্ছে শ্রীতমা ভট্টাচার্যের। আজ তাঁর জন্মদিন। এই বিশেষ দিনে কী তাঁর প্ল্যান সেটা তো আজকাল ডট ইনকে জানালেনই, সঙ্গে দিলেন আরও এক চমক।
জন্মদিনে কী পরিকল্পনা সেটা জানতে চাইলে হেসে ফেলেন শ্রীতমা। বলেন, "বড় হয়ে গিয়েছি। এখন আবার কী প্ল্যান? কোনও প্ল্যান নেই।" তবে জন্মদিনে অভিনেত্রীর বিশেষ পরিকল্পনা না থাকলেও, তিনি কবে পর্দায় ফিরতে চলেছেন জানতে চাইলে বলেন, শীঘ্রই। খুব জলদিই তাঁকে ছোটপর্দায় যে আবারও দেখা যাবে সেটা জানিয়ে দিলেন এদিন। শ্রীতমার কথায়, "নতুন কাজ শুরু হচ্ছে।" তবে কোন ধারাবাহিক বা চরিত্র কী তিনি সেটা এখনই জানাতে চাননি। একপ্রকার মুখে কুলুপ এঁটে রেখেছেন। এমনকী বার্থডে গার্ল এটাও জানেন না যে তাঁর চরিত্র ইতিবাচক নাকি নেতিবাচক শেডের! তাঁর কথায়, "এখনও চরিত্রের বিষয়ে বিস্তারিত জানি না।"
প্রসঙ্গত, শ্রীতমা ভট্টাচার্যকে দর্শক শেষবার জি বাংলার জনপ্রিয় নারীকেন্দ্রিক ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' -তে দেখেছিলেন। সেখানে তিনি নায়িকা অর্থাৎ শিমুলের ননদ পুতুলের চরিত্রে অভিনয় করেছিলেন। বিশেষ ভাবে সক্ষম এক মহিলার চরিত্রে শ্রীতমা ভট্টাচার্যের অভিনয় সকলের নজর কেড়েছিল। তাঁর সঙ্গে শিমুলের বন্ডিং আলোচ্য বিষয় হয়ে ওঠে। এই চরিত্রটিও ইতিবাচক ছিল। সূত্রের খবর, আবারও নতুন যে কমেডি ঘরানার ধারাবাহিকে তিনি যুক্ত হতে চলেছেন সেখানেও ইতিবাচক চরিত্রেই হয়তো তাঁকে দেখা যাবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সূত্রের খবর জনপ্রিয় এক চ্যানেলের সদ্য শুরু হওয়া ধারাবাহিকে শ্রীতমা ভট্টাচার্যকে দেখা যাবে। 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের পর তিনি আবারও তাঁর 'লাইট ক্যামেরা অ্যাকশন...' -এর 'সংসার...' -এ ফিরতে চলেছেন, তাও শীঘ্রই। পছন্দের অভিনেত্রীর জন্মদিনে তাঁর অনুরাগীদের জন্য এর থেকে ভাল রিটার্ন গিফট আর কীই বা হতে পারে!















