গত কয়েক বছরে একের পর এক সফল প্রজেক্টের মাধ্যমে টলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তরুণ পরিচালক ও কোরিওগ্রাফার করণ আরিয়ান। ‘সিঙ্গেল লাইফ’ এবং ‘তোর পাড়াতে’-র মতো জনপ্রিয় মিউজিক ভিডিওর সাফল্যের পর এবার দর্শকদের জন্য আরও বড় চমক নিয়ে আসছেন তিনি।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘ছবিওয়ালা’-র বহুল প্রতীক্ষিত একটি আইটেম গান, যার কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন করণ আরিয়ান। এই বিশেষ গানে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। গানে একেবারে নতুন অবতারে ধরা দেবেন তিনি। গানের আরও একটি বড় আকর্ষণ হল এর কণ্ঠশিল্পী জোজো, যার কণ্ঠে গানটি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সূত্রের খবর, গানটির শুটিং এবং কোরিওগ্রাফিতে দর্শকদের জন্য থাকছে সম্পূর্ণ ভিন্নধর্মী উপস্থাপনা। শ্রীলেখা মিত্রের উপস্থিতি এবং জোজোর কণ্ঠের সংমিশ্রণ এই গানকে বিশেষ মাত্রা দিতে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

অন্যদিকে, পরিচালক হিসেবে করণ আরিয়ানের নতুন প্রজেক্ট ‘গোল’-ও এখন মুক্তির অপেক্ষায়। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শক এবং ইন্ডাস্ট্রির মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। জানা গিয়েছে, ছবিটির গ্র্যান্ড প্রিমিয়ার আয়োজন করা হবে কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে।

মাত্র ২৪ বছর বয়সেই কোরিওগ্রাফার এবং পরিচালক হিসেবে একাধিক সফল কাজের মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন করণ। বর্তমানে তাঁর হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং আগামী দিনগুলিতে আরও বড় ঘোষণা আসতে চলেছে বলেও জানা গিয়েছে।

এখন দেখার, ‘ছবিওয়ালা’-র এই নতুন আইটেম গান এবং ‘গোল’ দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। তবে ব্যাক-টু-ব্যাক সফলতার পর করণ আরিয়ানের নতুন কাজ ঘিরে দর্শকের উত্তেজনা তুঙ্গে।