শুরু হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। কখনও আয়ুষ্মান খুরানা, কখনও রণবীর কাপুর, তো কখনও অন্য কারও নাম নিয়ে জল্পনা চলেছে। অবশেষে দাদার চরিত্রে ধরা দিতে চলেছেন রাজকুমার রাও। কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসে কদিন থেকে, তাঁকে কাছ থেকে পর্যবেক্ষণ করে গিয়েছেন। এবার পালা অভিনয়ের। একদিকে যখন বায়োপিকের শুটিং চলছে, তখন অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমার একটাই নিয়ম ছিল। ভাল ছেলে সাজার হলে মাঠের বাইরে সাজো। মাঠে ঢুকছি মানে কেবল জেতার জন্য খেলব।' সৌরভ গঙ্গোপাধ্যায়ের অ্যাগ্রেশন, ব্যাট হাতে তাঁর জাদু আজও মনে আছে সকলের। মনে আছে লর্ডসের মাঠে তাঁর জামা ঘোরানোর দৃশ্য। ফলে সবটা মিলিয়ে তাঁর বলা এই নিয়ম যে খেলার সময় অক্ষরে অক্ষরে মেনে চলতেন সেটা স্পষ্ট।
সৌরভের বায়োপিকের নাম রাখা হয়েছে 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'। সম্প্রতি ইনস্টাগ্রামে রাজকুমার রাও দুটো ছবি পোস্ট করেন। একটিতে ছবির নাম দেখা যাচ্ছে, আরেকটিতে ফাঁকা স্টেডিয়াম। এই ছবি দু'টো পোস্ট করে রাজকুমার রাও সমাজমাধ্যমে লেখেন, 'অবশেষে শুরু হল। দ্য ওয়ান অ্যান্ড অনলি দাদা।' রাজকুমার রাও এদিন এই সুখবর দেওয়ার পরই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর সহকর্মীরা।
যবে থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ঘোষণ করা হয়েছে, তবে থেকে একগুচ্ছ অভিনেতার নাম উঠে এসেছে যে কাকে দেখা যাবে দাদার চরিত্রে। কখনও রণবীর কাপুর, তো কখনও আয়ুষ্মান খুরানা, তো কখনও অন্য কেউ। অবশেষে জানা যায় নাম ভূমিকায় থাকবেন রাজকুমার রাও।
জানা গিয়েছে এই ছবিতে একাধিক বাঙালি অভিনেতা, অভিনেত্রীকে দেখা যাবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা আঢ্য। সৌরভের বাবা, চণ্ডি গঙ্গোপাধ্যায়ের চরিত্রে বোমান ইরানিকে দেখা যাবে। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রে থাকবেন অভিনেতা গজরাজ রাও। তবে সৌরভপত্নী ডোনার ভূমিকায় কাকে দেখা যাবে সেটা এখনও অজানা।
২০২১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ঘোষণা করা হয়। এরপর থেকেই দাদা অনুরাগীরা মুখিয়ে আছেন ছবিটির জন্য। অবশেষে সেটার শুটিং শুরু হতেই খুশি সকলে। প্রসঙ্গত, 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি' ছবিটির পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে। লাভ ফিল্মস এবং ডিবিএল ছবিটির প্রযোজনা করছে।
তবে এটাই প্রথম নয়, যখন কোনও ক্রিকেট তারকার বায়োপিক হচ্ছে। এর আগে মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, প্রমুখের বায়োপিক হয়েছে বলিউডে।















