চলতি বছরের এপ্রিল মাসেই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল যে, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা আপামোর বাঙালির আবেগ সৌরভ গাঙ্গুলির বহু প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা’-র শুটিং শুরু হয়ে গিয়েছে। ছবিতে ‘প্রিন্স অফ কলকাতা’র জুতোয় পা গলিয়েছেন বলিউডের প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাও। এবার এই হাই-প্রোফাইল প্রজেক্টকে ঘিরে সামনে এল এক মস্ত বড় এবং এক্সক্লুসিভ আপডেট। সৌরভের বায়োপিকে ওঁর পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউডের একাধিক চেনা ও জনপ্রিয় মুখকে।

খবর, ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা তথা সিএবি-র প্রাক্তন পদাধিকারী প্রয়াত চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন টলিউডের ‘অপুদা’ অর্থাৎ বর্ষীয়ান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই মুম্বইয়ের সেটে তিনি ওঁর অংশের শুটিংও শুরু করে দিয়েছেন।এ বিষয়ে জানতে শাশ্বত চট্টোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, সাড়া পাওয়া যায়নি। 

বর্তমানে ছবিটির প্রথম দফার শুটিং চলছে মুম্বইয়ে। গঙ্গোপাধ্যায় পরিবারের বাকি সদস্যদের কাস্টিংয়েও রয়েছে বড় চমক -

সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

সৌরভের দাদা তথা প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল দেব বোস-কে।

ছবির ভেতরের খবর শেয়ার করে একটি সূত্র জানিয়েছে, শাশ্বত, অপরাজিতা এবং রাহুল— এই তিন বাঙালি অভিনেতাই বর্তমানে মুম্বইয়ের শিডিউলে ব্যস্ত রয়েছেন। সবচেয়ে বড় চমকপ্রদ বিষয় হলো, গত রবিবার ছবির শুটিং চলাকালীন সেটে সশরীরে উপস্থিত হয়েছিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়! নিজের বায়োপিকের দৃশ্য কীভাবে ক্যামেরাবন্দি হচ্ছে, তা দাঁড়িয়ে থেকে তদারকি করেন ‘মহারাজ’। মুম্বইয়ের কাজ গুটিয়ে চলতি মাসের শেষ দিক থেকেই এই ছবির টিম কলকাতায় এসে শুটিং শুরু করবে।

 

বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের কাস্টিং নিয়েও কম জল্পনা হয়নি। প্রথমে মিমি চক্রবর্তী, ইশা সাহা এবং অমৃতা চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির বাঙালি অভিনেত্রীদের নাম বিবেচনার তালিকায় থাকলেও, শেষ পর্যন্ত ডোনা গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলাচ্ছেন ‘আ স্যুটেবল বয়’ খ্যাত অভিনেত্রী তানিয়া মানিকতলা।এই বায়োপিকে সৌরভের ক্রিকেট জীবনের লড়াকু এবং নির্ভীক অধিনায়ক হয়ে ওঠার রূপকথার পাশাপাশি, ওঁর ব্যক্তিগত জীবন এবং ডোনার সাথে ওঁর সেই বিখ্যাত ও চিরসবুজ প্রেমকাহিনীর ওপরও সমানভাবে আলোকপাত করা হবে।

বাস্তব জীবনে সদ্যই কন্যাসন্তানের বাবা হওয়া রাজকুমার রাও এই বায়োপিকটি নিয়ে অত্যন্ত উৎসাহিত ও রোমাঞ্চিত। সেটের ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন— “শেষমেশ শুরু হল... এক এবং একমাত্র #দাদা।”

একটি সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানিয়ে রাজকুমার বলেন, “যেহেতু দাদা নিজেই বিষয়টা আগে ঘোষণা করে দিয়েছেন, তাই আমিও অফিশিয়ালি জানিয়ে দিই— হ্যাঁ, আমি ওঁর বায়োপিকে অভিনয় করছি। আমি চরম নার্ভাস... এটা একটা মস্ত বড় দায়িত্ব, তবে কাজটা করতে খুব মজা হবে।”

লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের ‘লুভ ফিল্মস’ দ্বারা প্রযোজিত এই ছবিটি যে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সফল স্পোর্টস-বায়োপিক হতে চলেছে, তা তারকাখচিত কাস্ট এবং বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনার হাতযশ দেখেই আন্দাজ করা যাচ্ছে। প্রসঙ্গত, রাজকুমার রাওকে শেষবার নেটফ্লিক্সের ছবি ‘টোস্টার’-এ সানিয়া মালহোত্রার সাথে দেখা গিয়েছিল, যা পরিচালনা করেছিলেন বিবেক দাস চৌধুরী এবং প্রযোজনা করেছিলেন রাজকুমারের স্ত্রী পত্রলেখা। তবে এবার রাজকুমারের ব্যাটে ‘দাদা’র কভার ড্রাইভ দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন ক্রিকেট ও সিনেমাপ্রেমীরা।