সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় সমালোচনার ঝড়। সৌরভের ৫৪তম জন্মদিনে মুক্তি পাওয়া এই পোস্টারে রাজকুমার রাওকে লর্ডসের সেই ঐতিহাসিক জার্সি ঘোরানোর ভঙ্গিমায় দেখা গিয়েছে। কিন্তু ছবির প্রচারের এই প্রথম ঝলক মন কাড়তে পারেনি দর্শকদের।

সোশ্যাল মিডিয়ায় পোস্টারটা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে শুরু করেন। ট্রোলের মূল কারণ হল নিম্নমানের এডিটিং। অনেকের দাবি, পোস্টারটি দেখে মনে হচ্ছে এটি কোনও সস্তার এডিটিং বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি।

নেটিজেনদের মতে, ছবির পোস্টারে রাজকুমারের চেহারার সঙ্গে সৌরভের আদলের তেমন মিল পাওয়া যায়নি। কেউ কেউ তো সরাসরি লিখেছেন, 'এডিটিং এতটাই খারাপ যে এর চেয়ে চ্যাটজিপিটি ভাল কাজ করতে পারত।'

অনেকেই হতাশ হয়ে মন্তব্য করেছেন যে, একজন প্রতিভাবান অভিনেতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সৌরভ গাঙ্গুলির মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের প্রতিভার সঙ্গে মানানসই নয়। এম.এস. ধোনির বায়োপিকের সঙ্গে তুলনা টেনে অনেকে বলছেন, শুধুমাত্র সাজসজ্জা বা এডিটিং দিয়ে নয়, চরিত্রের গভীরে প্রবেশ করা প্রয়োজন ছিল। যদিও একদল অনুরাগী এখনও সিনেমার সাফল্য নিয়ে আশাবাদী, তবে পোস্টারটিকে ঘিরে নেটদুনিয়ায় যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে, তা স্পষ্ট। বিক্রমাদিত্য মোৎওয়ানে পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক ছিল, কিন্তু প্রথম ধাপেই সমালোচনার মুখে পড়লেন নির্মাতারা। 

প্রসঙ্গত, ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা। সৌরভের মা ও বাবার চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য ও শাশ্বত চ্যাটার্জি। সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বসু।