গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। এবার জল্পনা সত্যি হল। বিয়ের পিঁড়িতে বসছেন সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখার্জি।‌ টলিপাড়ার অন্দরের খবর, ক'দিন আগেই নাকি দুই পরিবারকে সাক্ষী রেখে আশীর্বাদ পর্ব ও পাকা দেখা সেরে ফেলেছেন জুটিতে। সমাজমাধ্যমে যদিও এর ইঙ্গিত দিয়েছিলেন সৌরভ-শুভস্মিতা। তবে যুগলের রোমান্টিক ছবি বহুবার দেখেছেন দর্শক, তাই বুঝতে পারেননি সেভাবে। কিন্তু ওই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তা ভরে গিয়েছে।

সূত্রের খবর, চলতি বছরেই বিয়ে করছেন তাঁরা। ইতিমধ্যেই নাকি জোরকদমে শুরু হয়েছে তোড়জোড়। ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই সময় বের করে বিয়ের গোছগাছ করছেন দু'জনে।

বরাবরই প্রেমের গুঞ্জন উঠলেই দু'জনেই এড়িয়ে গিয়েছেন। এতদিন একে অপরকে শুধুমাত্র ভাল বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন সৌরভ-শুভস্মিতা। এবার তাঁদের সম্পর্কে সিলমোহর পড়ল। জানা যায়, ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই দু'জনের প্রেমের শুরু। এই মুহূর্তে সৌরভ ও শুভস্মিতাকে দর্শক একসঙ্গে দেখছেন স্টার জলসার 'লক্ষ্মী ঝাঁপি'তে। নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়েই নাকি প্রেমে পড়েছেন তাঁরা। এবার তাঁদের প্রেম পরিণতি পাবে বিয়ের পিঁড়িতে। 

আশীর্বাদের ইঙ্গিত পেয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সৌরভ এবং শুভস্মিতার সঙ্গে। সৌরভ ফোনে অধরা। তবে শুভস্মিতা জানান, 'কিছু একটা হয়েছে, কিন্তু কী হয়েছে এখনই বলতে পারব না। বিয়ে হয়নি এখনও একুটু বলব।" সূত্রের খবর, ইতিমধ্যেই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বিষয়টা আড়ালে রাখতে চাইছেন সৌরভ-শুভস্মিতা। 

প্রসঙ্গত, সৌরভ-শুভস্মিতার প্রেমের গুঞ্জন ছড়াতে দারুণ খুশি হয়েছিলেন তাঁদের অনুরাগীরা। পর্দায় দু'জনের জুটিকে যেমন ভালবাসা দিয়েছেন দর্শক, তেমনই বাস্তবেও‌ এই জুটিকে চোখে হারান দর্শক। শুটিং ফ্লোর থেকে এর আগে ছাদনাতলায় গিয়েছে বহু তারকা জুটির প্রেম। এবার সেই তালিকায় যুক্ত হলেন পর্দার দীপ ও ঝাঁপি।