মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার আবহে দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসায় একের পর এক বিমান বাতিল করা হয়েছে, যার ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন শত শত ভারতীয় যাত্রী। এই সঙ্কটজনক পরিস্থিতিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন ‘জান্নাত’ খ্যাত এই তারকা।
এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি আবেগঘন পোস্ট করেন সোনাল। সেখানে তিনি জানান, বর্তমানে তিনি দুবাইয়ে আটকা পড়েছেন এবং ভারত ফেরার কোনও পথ পাচ্ছেন না। বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় সেখানে তৈরি হয়েছে এক অস্থির পরিবেশ। প্রধানমন্ত্রীকে ট্যাগ করে তিনি ওই পোস্টে লেখেন, 'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমি বর্তমানে দুবাইয়ে আটকে রয়েছি। বিমান বাতিল হওয়ায় দেশে ফেরার কোনও উপায় নেই। আমি ভারত সরকারের কাছে নির্দেশিকা ও সাহায্যের আর্জি জানাচ্ছি যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারি।'
শুধু সোনালী নন, দুবাই বিমানবন্দরে আটকে থাকার খবর পাওয়া গিয়েছে অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুরও। সিন্ধুও তাঁর সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দরের ভিতরকার কিছু দৃশ্য ভাগ করেছেন, যেখানে দেখা যাচ্ছে ভিড়ে ঠাসা টার্মিনাল এবং উদ্বিগ্ন যাত্রীদের ভিড়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে অত্যন্ত জটিল হয়ে উঠছে, তার আঁচ পাওয়া যাচ্ছে এই সব তারকাদের পোস্ট থেকে। ইরানের ওপর ইজরায়েল ও মার্কিন হামলার জেরে গোটা অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে।
সেই জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বিশৃঙ্খল অবস্থা। কোনও আগাম ঘোষণা ছাড়াই বিমান বাতিল হওয়ায় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ দিশেহারা। সোনাল তাঁর বার্তায় দেশের বিদেশ মন্ত্রকের কাছেও বিশেষ অনুরোধ জানিয়েছেন। ভারতের মতো বড় দেশের বহু নাগরিক সেখানে কাজের সূত্রে বা ভ্রমণে গিয়ে বিপাকে পড়েছেন। সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক রেসকিউ অপারেশনের কথা ঘোষণা করা না হলেও, সোনাল এবং সিন্ধুর মতো পরিচিত মুখদের এই আবেদন কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
বলিউড মহলে এই খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীরা সোনালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আপাতত দুবাই কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছেন সবাই। ভারত সরকার এই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং শীঘ্রই বিশেষ কোনও পদক্ষেপ করা যেতে পারে বলে আশা করা হচ্ছে। সোনালের এই পোস্টটি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে, ফলে নেটিজেনরাও ভারত সরকারের কাছে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
