র‍্যাপার বাদশার নতুন গান 'টট্টরী' (Tateeree) প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। গানের কথা এবং মিউজিক ভিডিয়োর কিছু দৃশ্যকে ঘিরে আপত্তি তুলেছেন অনেকেই। এই বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন সোনা মহাপাত্র৷ 

বুধবার সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন সোনা। তিনি দাবি করেন, পপ কালচারে এটা প্রথম নয়৷  বারবার এমন একটি বিষয় লক্ষ্য করা যায় যেখানে একজন পুরুষ বুক ফুলিয়ে নিজেকে শক্তিশালী ও আকর্ষণীয় নায়ক বা পৌরুষের প্রতীক হিসাবে তুলে ধরেন৷ আর নারীরা সেখানে কেবল তাকে ঘিরে থাকা ‘প্রপস’ হয়ে থাকেন।" নারীরা সেখানে কেবল পুরুষের জন্য নিবেদিত বস্তু মাত্র৷ এই ধরনের উপস্থাপনা কোনও সৃজনশীলতা নয়, বরং পপ সংস্কৃতির সবচেয়ে অলস ও পুরোনো রীতি, এমন দাবি করেছেন সোনা। 

তিনি আরও বলেন, "শিল্পীদের প্রভাব অনেক বেশি তাই তাঁদের দায়িত্বও অনেক বেশি৷ শিল্পীরা চাইলে সমাজে নারীবিদ্বেষ বা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, আবার চাইলে নারীদের ব্যবহার করেও মুনাফা করতে পারেন।" সোনা মহাপাত্র বলেন, “ভারত আরও ভালো শিল্পের যোগ্য।” পাশাপাশি গানের ভিডিয়োতে স্কুলপড়ুয়া মেয়েদের ব্যবহার করা নিয়েও প্রশ্ন তুলেছেন সোনা৷ 

বিতর্ক বাড়তে থাকায় ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে ক্ষমা চেয়েছেন বাদশা৷ সেখানে তিনি বলেন, গানটির একটি অংশ এবং তার দৃশ্য নিয়ে অনেকেই আঘাত পেয়েছেন, বিশেষ করে হরিয়ানার মানুষ। র‍্যাপার জানান, তিনি নিজেও হরিয়ানার মানুষ এবং নিজের সংস্কৃতি ও পরিচয় নিয়ে তিনি গর্বিত। 

কোনও নারী বা শিশুকে অসম্মান করার উদ্দেশ্য তাঁর ছিল না বলেন জানান বাদশা৷ তিনি আরও বলেন, হিপ-হপ সংগীতে অনেক সময় প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়। তবে যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। 

শুধু সমাজমাধ্যমেই এই বিতর্ক থেমে থাকেনি৷ হরিয়ানার মহিলা কমিশন বাদশাকে নোটিস পাঠিয়েছেন৷ ১৩ মার্চ তাঁদের সামনে উপস্থিত হয়ে বাদশাকে জবাবদিহি করতে হবে৷ তাঁদের অভিযোগ, গানের একটি লাইনে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে এবং ভিডিয়োতে স্কুলপড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দেখানো হয়েছে, যা আপত্তিকর।