কিছুদিন আগেই স্নেহাশিস চক্রবর্তী ফেসবুকের পাতায় একটি পোস্ট করে জানান তাঁর নাম করে জালিয়াতি চালাচ্ছেন কেউ বা কারা। এবার প্রযোজক আরও বিস্ফোরক দাবি করলেন। 

এদিন ফেসবুকের পাতায় স্নেহাশিস চক্রবর্তী লেখেন, 'আমরা বারবার সকলকে সচেতন এবং সতর্ক করেছি যে একটা বড় চক্র চোছে যেখানে কিছু ব্যক্তি বা দল ব্লুজ প্রোডাকশন হাউজ সহ অন্যান্য প্রযোজনা সংস্থার নাম করে নিজেদের পরিচয় দিচ্ছেন। এমনকী তাঁরা বিভিন্ন জায়গায় ভুয়ো অফিস গড়ে তুলেছেন, এবং জালিয়াতি চালিয়ে যাচ্ছেন। মানুষকে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন টাকার বিনিময়ে।' 

স্নেহাশিস চক্রবর্তী এদিন তাঁর পোস্টে আরও দাবি করেন, 'এটা কেবল ফ্রড নয়। সম্ভবনাময় শিল্পীদের এক্সপ্লয়েট করা। আমরা ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছি এই ধরনের কাজের বিরুদ্ধে। কিন্তু একই সঙ্গে এটা আমাদের সামাজিক দায়িত্ব যে মানুষকে সতর্ক করি। আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে কাজ করলে আপনি উপার্জন করবেন। আমরা আপনার থেকে টাকা নেব না। যেই মুহূর্তেই আমাদের নাম করে আপনাদের থেকে টাকা চাওয়া হবে, বুঝবেন আপনি ঠগবাজের পাল্লায় পড়েছেন।' 

স্নেহাশিস চক্রবর্তী দাবি করেছেন এই জালিয়াতরা তাঁদের স্ক্রিপ্ট পর্যন্ত চুরি করে নিজেদের অথেনটিক প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। তিনি সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, ব্লুজ প্রোডাকশন হাউজের একটাই অফিসিয়াল অফিস রয়েছে, আর সেখান থেকেই তাঁরা সমস্ত কাজ করেন। তিনি বারবার এই ধরনের র‍্যাকেটের থেকে সতর্ক থাকার অনুরোধ করেছেন। 

স্নেহাশিস চক্রবর্তীর এই পোস্টে তাঁকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী,  প্রমুখ। 

এপ্রিল মাসের গোড়ার দিকে প্রায় একই ধরনের একটি পোস্ট করেছিলেন স্নেহাশিস চক্রবর্তী। সেখানে তিনি লেখেন, 'সবাইকে জানাচ্ছি আবার আমার ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করে কেউ মানুষকে ফাঁদে ফেলতে চাইছে। তাই সাবধান। লোভের ফাঁদে পা দেবেন না। ওই প্রোফাইলের সব পোস্ট ফেক। মিথ্যে  বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বা অপমান করে, নিচু করতে চাইছে। সচেতন করার জন্য আমার এই পোস্ট।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ব্লুজ প্রোডাকশন হাউজের দু'টো বাংলা ধারাবাহিক বর্তমানে রমরমিয়ে চলছে। একদিকে রয়েছে 'পরশুরাম আজকের নায়ক'। আরও এক দিকে রয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। দুই ধারাবাহিক টিআরপিতে বারবার নজর কাড়ছে। তবে কেবল বাংলা নয়, ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় হিন্দিতেও একাধিক ধারাবাহিক চলে। তার অন্যতম হল 'অ্যাডভোকেট অঞ্জলি অব'স্থী। এটি 'গীতা এলএলবি' ধারাবাহিকের হিন্দি রিমেক।